২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যবসায়ী নেতার বক্তব্য উস্কানিমূলক’

দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থি’তি নিয়ে এক ব্যবসায়ী নেতার দেওয়া বক্তব্য ‘অগণতান্ত্রিক শক্তিকে’ উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থি’তি নিয়ে এক ব্যবসায়ী নেতার দেওয়া বক্তব্য ‘অগণতান্ত্রিক শক্তিকে’ উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা। রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, “১৯৯১ সালে গণতন্ত্র আসার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি একদম অদক্ষভাবে দেশ পরিচালনা করেছে। দুই দলের অদক্ষ শাসনের কারণেই ভর্তুকি দিতে হচ্ছে।” নিউ এইজ গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসিফ দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন, “ব্যাংকেতো টাকাই নেই, বিনিয়োগ হবে কোত্থেকে। এভাবে চলতে থাকলে সরকার তো চার-পাঁচ মাস পর বেতনই দিতে পারবে না।” তার এ বক্তব্যে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে মন্তব্য করে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে নানা ধরনের গুজব রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ঢাকা চেম্বারের সভাপতির বক্তব্য। উনি নাকি বলেছেন সরকার চার-পাঁচ মাস পর বেতনই দিতে পারবে না। এটা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।” মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৬৪ পয়েন্ট বা ৩ শতাংশ কমে হয় ৫ হাজার ২৫৩ পয়েন্ট। আসিফের ওই বক্তব্য দৃশ্যত ডিসিসিআইয়ের বোর্ড অনুমোদিত- এমন মন্তব্য করে ঢাকা চেম্বারের ভেতরের কার্যক্রম সর্ম্পকে ওয়াকিবহাল একটি সূত্র বলেছে, এটি বোর্ডের অনুমোদনবিহীন নয়। বহু বছর ধরে এই রেওয়াজ চালু আছে সেখানে। নিউ এইজ গার্মেন্টসের চেয়ারম্যান এ এস এম কাশেমের ছেলে আসিফ ২০১১ সালে এক বছরের জন্য ডিসিসিআই সভাপতি নির্বাচিত হন। ২০১২ সালে তিনি পুনর্র্নিবাচিত হন। আসিফ ইব্রাহিম সম্পর্কে সূত্রটির মন্তব্য এরকম- “আসিফ বিদেশে লেখাপড়া করেছেন এবং তিনি যেসব মন্তব্য করেছেন তা জেনে বুঝেই করেছেন।” আসিফের বক্তব্যের সমালোচনা করে ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প আছে কি না- তা উনাকেই জিজ্ঞেস করেন।” আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা চেম্বারের কোন এক ব্যক্তি কি বলেছেন তার প্রতিক্রিয়া আমি জানাতে চাই না। তবে আমার মনে হয়, উনার গণতান্ত্রিক সরকার পছন্দ হচ্ছে না বলেই স্বৈরাচারী সরকারের পক্ষে কথা বলছেন।” শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়–য়া বলেন, “এসব কথা বলে উনারা অগণতান্ত্রিক শক্তিকে উস্কে দিচ্ছেন বলে মনে হয়।” বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি একে আজাদ বলেন, “ব্যাংকে টাকা নেই এটা ঠিক না। সরকার চলতি অর্থবছরের বাজেটেই ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার কথা বলেছে।” তিনি বলেন, “ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এছাড়া সরকারের রাজস্ব আদায় বেড়েছে। তাহলে সরকার কেন বেতন দিতে পারবে না- তা তো বুঝতে পারছি না।” এ বিষয়ে প্রশ্ন করলে আসিফ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক পরিস্থিতিতে এটা আমার কাছে মনে হয়েছে। এটা আমার ধারণা।” তবে সরকারি কর্মচারিদের বেতন বিষয়ে তার কাছে কোনো তথ্য উপাত্ত নেই বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৯১৫ ঘ.