২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেলের দাম বাড়ছে না

ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি বলেন, “তেলের দাম পুনর্নিধারণের প্রয়োজন নেই। কারণ নির্ধারিত দামের চেয়ে কম দামেই মিল থেকে তেল বিক্রি হচ্ছে। আগের নির্ধারিত দামেই তেল বেচাকেনা হবে।” “আমরা সব মিলারদের সঙ্গে কথা বলেছি। তারা কেউই লিটারপ্রতি ১০৬ টাকার বেশি দরে তেল বিক্রি করছেন না বলে জানিয়েছে”, বলেন তিনি। সর্বশেষ গত বছরের ২০ জুলাই খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করে সরকার। তবে বাজারে খোলা তেলের দাম লিটারপ্রতি ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে এমন অভিযোগের জবাবে চেয়ারম্যান বলেন, “তেলের দাম ওঠানামা করার পেছনে মধ্যস্বত্তভোগীরা দায়ী।” তেলের মজুদ স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে দাবি করে মজিবুর বলেন, বর্তমানে আড়াই লাখ টন তেল মজুদ আছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে ৭০ থেকে ৮০ হাজার টন তেল খালাসের অপেক্ষায় রয়েছে। দুই এক দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে কর সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হলে তেলের দাম আরো কমে যাবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, “বাজারে তেলের দাম লিটারপ্রতি কেন ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে আমরা এর কোন কারণ খুঁজে পাইনি। এটা এক ধরনের কারসাজি। ডলার এক্সচেঞ্জ রেট নিয়ে মধ্যস্বত্তভোগীরা বাজারে ফাউল করছে। সাধারণ ভোক্তাদের হয়রানীর হাত থেকে রক্ষায় বাজারে নজরদারী বাড়ানো হবে।” মিল থেকে খোলা পাম অয়েল ৯২ টাকা এবং সয়াবিন ১০৬ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে দাবি মজিবুর রহমান বলেন, “মিল পর্যায়ে কোথাও তেলের মূল্য বৃদ্ধি দেখছি না। তবে মৌলভীবাজার এবং খাতুনগঞ্জের ব্যবসায়ী তেলের বাজারের বর্তমান অবস্থার জন্য দায়ী।” এক সপ্তাহের মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলে আশ্বাস দেন তিনি। তেলের দাম নির্ধারণের বিষয়ে এর আগে চার দফা বৈঠক করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯ জানুয়ারি ঢাকার খুচরা বাজারে বিক্রি হয় ১২৪ থেকে ১২৫ টাকায় এবং পাম অয়েলের দাম ছিলো ৯৯ থেকে ১০১ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৯১৪ ঘ.