২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপ মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

ডলারের মূল্যবৃদ্ধি এবং থাইল্যান্ডের সা¤প্রতিক বন্যার কারণে হার্ডডিস্কের দাম বাড়ার দ্বৈত সংকটের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডলারের মূল্যবৃদ্ধি এবং থাইল্যান্ডের সা¤প্রতিক বন্যার কারণে হার্ডডিস্কের দাম বাড়ার দ্বৈত সংকটের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। তবে সোমবার ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১২’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা আশা করেন, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তিন দিনব্যাপী এ মেলায় ল্যাপটপের দাম বাড়লেও কেনায় ‘হিড়িক’ পড়বে। মেলায় এসার ব্যান্ডের ল্যাপটপের নিয়ে আসা এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক সালমান আলী খান বলেন, “দাম বাড়লেও মেলায় ল্যাপটপ বিক্রিতে আমরা বিভিন্ন ছাড় এবং উপহার সামগ্রী দিচ্ছি।” তিনি জানান, ডলারের দাম বাড়া এবং হার্ডডিস্কের অন্যতম উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে প্রবল বন্যার প্রভাবে ল্যাপটপের দাম বেড়েছে। বিভিন্ন যন্ত্রাংশের মূল্য গড়ে ২০ থেকে ৩০ ডলার বেড়েছে। মেলার সমন্বয়ক ফাবিয়ান খান বলেন, ভিড় এড়িয়ে দর্শনার্থীরা যাতে কেনাকাটা করতে পারে সেজন্য আগের মেলাগুলোর তুলনায় এ বছর মেলার পরিসর বাড়ানো হয়েছে। স্যামসাং ইলেকট্রনিকসের বিপণন ব্যবস্থাপক মাহমুদ বিন কাইয়ুম বলেন, “একই ছাদের নীচে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য থেকে ক্রেতারা নিজের পছন্দসই পণ্যটি খুঁজে নিতে পারবে।” দেশে ল্যাপটপের চাহিদা বাড়ায় ২০০৮ সাল থেকে ল্যাপটপ নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হচ্ছে। ২০১১ সালের জুন মাসে অনুষ্ঠিত ল্যাপটপ মেলায় চার হাজার ল্যাপটপ বিক্রি হয় বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা। প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কিউএইচ/এসইউ/১৬২২ ঘ.