২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্য তেলের দাম নির্ধারণ সোমবার

ভোজ্য তেলের দাম বাড়ানো হবে কি না সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্য তেলের দাম বাড়ানো হবে কি না সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান। রোববার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। মজিবুর তিনি বলেন, “বর্তমানে দুই লাখ ৬৫ হাজার টন তেল মজুদ আছে। আরো এক লাখ টন তেল পাইপ লাইনে আছে। বাংলাদেশ ব্যাংকসহ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সোমবার ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হবে।” ভোজ্য তেলের দাম নিয়ে কিছু সংখ্যক মানুষ কারসাজি করছে- এমন অভিযোগ করে চেয়ারম্যান বলেন, “আমরা যে কোনো মূল্যে বাজার স্থিতিশীল রাখতে চাই।” মিল থেকে লিটার প্রতি সর্বোচ্চ ১০৬ টাকায় তেল বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়াকে কারণ দেখিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীদের দাবির মুখে ২৭ ডিসেম্বর ও ৫ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে দুই দফা বৈঠক করেন। তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি। রোববারও ভোজ্য তেলের দাম ঠিক না হওয়া প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, “বর্তমানে তেলের মুজুদ কত, বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে এবং তেলের দাম কেন ওঠানামা করছে সেসব বিষয়ে সভায় আলোচনা হয়েছে।” সর্বশেষ গত বছরের ২০ জুলাই খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করে সরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৮ জানুয়ারি ঢাকার খুচরা বাজারে বিক্রি হয় ১২২ থেকে ১২৪ টাকায় এবং পাম অয়েলের দাম ছিলো ৯৯ থেকে ৯৯ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/এএল/২১৩৯ ঘ.