ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতি সংকটাপন্ন ও ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম।
রোববার ‘ব্যবসা এবং বাণিজ্য উন্নয়নে ঢাকা চেম্বারের কর্মকাণ্ড’ শীর্ষক সংবাদ সম্মেলনে আসিফ ইব্রাহিম বলেন, “দেশের অর্থনীতি সংকটে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”
গত ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, “মন্দার কারণে উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে। আমরা সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর ওপর চাপ পড়তে দিচ্ছি না। আমাদের অর্থনীতি সচল।”
প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে ডিসিসিআই সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী দেশের চিফ এক্সিকিউটিভ হিসেবে তার বক্তব্য দিয়েছেন। আমরা ব্যবসায়িক সম্প্রদায় অনেক কিছুর সম্মুখীন হই। আমাদের পারসপেকটিভ ভিন্ন হতে পারে।”
“আমরা ট্রেড করছি, এলসি করছি। অর্থনীতির অবস্থা আমাদের চেয়ে বেশি কেউই অনুধাবন করতে পারে না। হয়তো প্রধানমন্ত্রীর কাছে সঠিক পরিসংখ্যানগুলো পৌঁছায় না।”
বর্তমানে বৈদেশিক বিনিয়োগের গতি মন্থর হয়ে গেছে দাবি করে এর কারণ হিসেবে তিনি বলেন, “বিদেশি বিনিয়োগকাররীরা বাংলাদেশের সা¤প্রতিক সামগ্রিক অর্থনৈতিক নির্দেশকগুলোকে বিনিয়োগবান্ধব বলে মনে করছে না।”
এর কারন হিসেবে গ্যাস ও বিদ্যুৎতের সংযোগের অভাব ও ভূমির মালিকানা বিষয়ক জটিলতাসহ ব্যাবস্থাপনায় অদক্ষতাকে দায়ী মনে করেন তিনি ।
তিনি বলেন, গত দুই বছরে কোনো ব্যাবসা প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হয়নি।
ব্যাংকগুলোর বেশি সুদের কারণে শিল্প খাতে বিনিয়োগকারীরা ঋণ নেওযার সাহস হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেন ডিসিসিআই সভপাতি।
তিনি বলেন, ব্যাংকগুলো প্রায় ১৩ থেকে ১৫ শতাংশ হার সুদে আমানত নিয়ে তা ১৭ থেকে ১৮ শতাংশ হারে লগ্নি করছে।
এছাড়া তিনি স্থানীয় ব্যাংক থেকে সরকারের ‘অতিরিক্ত’ ঋণ নেওয়া, গড় মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কমে যাওয়া এবং মার্কিন ডলারে বিপরীতে টাকার মান কমে যাওয়ার কথা উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৯০৬ ঘ.
bdnews24