২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্যে বাংলাদেশকে ‘অগ্রাধিকার’ দিতে চায় ভারত

ভারত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সবচেয়ে বেশি অগ্রাধিকারের দেশ’ এর মর্যাদা দিতে চায় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

বাংলাদেশ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সবচেয়ে বেশি অগ্রাধিকারের দেশ’ এর মর্যাদা দিতে চায় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, শুক্রবার নয়া দিল্লিতে ব্যবসায়ীদের এক সম্মেলনে অংশ নেন চিদাম্বরাম। সেখানে তিনি বলেন, বাংলাদেশের আছে গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ আর ভারতের আছে উদ্যোক্তা ও মূলধন। এ অঞ্চলকে ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে দুই দেশ একযোগে কাজ করতে পারে। “এক সঙ্গে হাত মিলিয়ে দুইদেশের মধ্যে অনেক ধরনের ব্যবসা-বাণিজ্যের পথ তৈরি করা যায়। বাংলাদেশ ও ভারতকে পণ্য ও সেবা উৎপাদন ও আদান-প্রদানের একটি বাজার হিসেবে দেখাটা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ।” রপ্তানি উন্নয়ন ব্যুারোর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০৬-০৭ অর্থবছরে যেখানে ঘাটতির পরিমাণ ১৯৯ কোটি ডলার ছিল, সেখানে ২০১০-১১ অর্থবছরে তা ৪০৫ কোটি ডলারে পৌঁছেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ কারণে আমরা বাংলাদেশকে বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া দেশের মর্যাদা দিতে খুবই আগ্রহী। এতে দুই দেশের মধ্যে বিনা শুল্কে বাণিজ্য সম্ভব হবে।” সম্মেলনে দেওয়া বক্তৃতায় চিদাম্বরাম বলেন, ভারতের অর্থনীতি বাংলাদেশের তুলনায় অনেক বড়। তাই বাংলাদেশি পণ্য ও সেবা যাতে ভারতে প্রবেশে করতে পারে- সে বিষয়টি নয়া দিল্লিকেই নিশ্চিত করতে হবে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রেও ভারতকে দায়িত্ব নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার দূরদৃষ্টির জন্যই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন সবচেয়ে ভাল। “সম্ভবত এখন দুই দেশের মধ্যে সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার সময়ের মতোই ঘনিষ্ঠ”, যোগ করেন চিদাম্বরম। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ এর জানুয়ারিতে নয়া দিল্লি সফর করেন। এরপর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা আসেন গত সেপ্টেম্বরে। এই সময়ে বিদ্যুৎ বিক্রি ও ট্রানজিট বিনিময়সহ বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে দুই সরকারের মধ্যে। তবে দুই দেশের ঘোষণার পরও মনমোহনের সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৬২৪ ঘ.