ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির লাগাম টানতে এর আমদানি মূল্য দেরিতে পরিশোধের যে পদ্ধতি (ডেফার্ড পেমেন্ট) তা প্রত্যাহারে কেন্দ্রীয় ব্যাংককে প্রস্তাব দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
বিলম্বিত মূল্য পরিশোধ (ডেফার্ড পেমেন্ট) পদ্ধতি প্রত্যাহারের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানোর চিন্তা-ভাবনার কথা স্বীকার করে বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তাবটি বাংলাদেশ ব্যাংক অনুমোদন করলে পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার সময়ের মূল্য অনুযায়ী ব্যবসায়ীরা ভোজ্য তেল খালাস করতে পারবেন। এতে ভোজ্য তেল ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি থেকে রেহাই পাবেন।”
বাজারে ডলারের মূল্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য নিয়ে অস্থিরতার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান বাণিজ্য সচিব।
তবে ব্যাংকে প্রস্তাব পাঠানোর আগে বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা করা হতে পারে। এজন্য মন্ত্রিসভার পরবর্তী সভায় বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বিষয়টি আলোচনার জন্য তুলতে পারেন বলে জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, মন্ত্রিসভার ইতিবাচক সম্মতি পাওয়া গেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিতভাবে বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো হবে। অন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ব্যাংক প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণভাবে অন্য পণ্য আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময়ের মূল্য অনুযায়ী ছাড়ের সময় মূল্য পরিশোধ করতে হয়। কিন্তু ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়।
ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার সময়ের মূল্য অকার্যকর থাকে। এক্ষেত্রে মূল্য পরিশোধ করতে হয় ভোজ্য তেল বন্দরে খালাসের সময়ের মূল্য অনুযায়ী। এ পদ্ধতিকে ডেফার্ড পেমেন্ট পদ্ধতি বলা হয়।
এ পদ্ধতির ফলে দুই সময়ের মূল্যের মধ্যে ব্যাপক পার্থক্য হয়, যা বাজারে মূল্য বৃদ্ধিকে ত্বরান্বিত করে বলে সংশ্লিষ্টরা বলছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “স¤প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য তেমন না বাড়লেও দেশে টাকার বিপরীতে ডলারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে। বৃহস্পতিবার ব্যাংকগুলো ১০ হাজার ডলারের বেশি মূল্য পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য ধরেছে ৮৬ টাকা ৩০ পয়সা।
“অথচ দুই মাস আগে ভোজ্য তেল আমদানির ঋণপত্র খোলার সময় ডলারের মূল্য ছিল ৭৮ টাকারও নিচে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
এ ক্ষতি বিবেচনায় নিয়ে এবং বাজারে ভোজ্য তেলের মূল্য স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিলম্বিত মূল্য পরিশোধ পরিবর্তন করে সাধারণভাবে মূল্য পরিশোধের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
সর্বশেষ গত ২০ জুলাই খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করে সরকার।
তবে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১০৯ টাকা হলেও ঢাকার খুচরা বাজারে তা ১২৪ থেকে ১২৮ টাকায় বিক্রি হচ্ছে।
এ অবস্থায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির দাবি জানানো হয়। এ প্রেক্ষাপটে সরকার মূল্য না বাড়িয়ে বিকল্প ব্যবস্থায় ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/০৯২০ ঘ.
bdnews24