ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে ১২ জানুয়ারির পর বিশ্বব্যাংকসহ এ প্রকল্পের ঋণদাতা সংস্থাগুলোর সিদ্ধান্ত জানা যাবে।
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি থেভাকুমার কানদিয়াহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আলোচনা করছেন। তিনি ফিরলে আমরা সবাই একসঙ্গে বসে একটি সিদ্ধান্তে পৌঁছাব।”
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি আগামী ১২ জানুয়ারি ঢাকায় ফিরবেন বলে তিনি জানান।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে।
সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পান ওবায়দুল কাদের। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।
অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এ সেতু নির্মাণ করা হবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার।
বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসর পর পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে মূল সেতু, নদী শাসন ও সংযোগ সড়কের নকশা চূড়ান্ত করা হয়েছে।
সরকারের দাবি, এ সেতু নির্মাণ হলে জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে। দরিদ্র্য কমবে দশমিক ৮৪ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/জেকে/১৬২০ ঘ.
bdnews24