ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমসহ বিভিন্ন ফোরামে অর্থনীতি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে আরো ‘সচেতনতার’ পরিচয় দিতে বলেছেন অর্থমন্ত্রী।
বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “অর্থনীতি নিয়ে দৈনিক মন্তব্যটা একটু কমান। বিশেষ করে পরিসংখ্যান নিয়ে আরেকটু সচেতন হোন। শুধু একদিনের পরিসংখ্যান হিসাবে নিয়ে না লিখে তার আগে পরেরটা দেখুন।”
রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভ কমে যাওয়া নিয়ে স¤প্রতি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, “সবচেয়ে মজার হচ্ছে, রেমিটেন্স প্রবাহ নিয়ে নানা লেখালেখি। আজ আবার একটা পত্রিকায় এ নিয়ে এডিটোরিয়াল লেখা হয়েছে।
“এসব নিয়ে যে উপদেশ দেওয়া হয়, সেগুলো আসলে কোনো কাজের না। কারণ এসব উপদেশ আসলে অনেক আগে থেকেই কাজে লাগানো হচ্ছে।”
মুহিত বলেন, “পাকিস্তান আমল থেকেই আমি অর্থনীতির প্রতিটি পরিকল্পনার সঙ্গে কমবেশি জড়িত আছি। সে সময়ের তুলনায় এখন পরিস্থিতি অনেক আলাদা। এখন অর্থনীতিতে এতো স্টেক হোল্ডার যে, তাদের আক্রমণে রাতে ঘুমানো যায় না।”
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১-২০১৫ এর ‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রেক্ষাপট ও কৌশলগত পরিপত্র’ প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ছয় খণ্ডের এই প্রকাশনায় পরিকল্পনা প্রণয়নের গবেষণা ও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান অনুষ্ঠানে বলেন, “সমালোচনাগুলো গঠনমূলক হওয়া উচিত। কারো ব্যক্তিস্বার্থে যেন সমালোচনা না হয়।”
তিনি এই পরিপত্রগুলো জনসাধারণের কাছে সহজলভ্য করার পরামর্শ দেন।
গত ২২ জুন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১-২০১৫৫ ঘোষণা করা হয়। ২৮ ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ হয়।
পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেন, “এর আগে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো ঘোষণা করা হলেও তার প্রেক্ষাপট ও কৌশলগুলোর বিষয়ে কোনো তথ্য-উপাত্ত সহজে পাওয়া যায় না। ফলে গবেষণা ও ভবিষ্যৎ কাজে নানা সমস্যার সৃষ্টি হয়। এই প্রকাশনা গবেষণা ও পরিকল্পনার কাজে অনেক সহায়ক হবে।”
সভায় অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বিআইডিএস ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/পিডি/২২৫৩ ঘ.
bdnews24