২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে জাহাজ দিচ্ছে ওয়েস্টার্ন মেরিন

পাকিস্তানের করাচি বন্দরের জন্য দুটি জাহাজ নির্মাণ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের করাচি বন্দরের জন্য দুটি জাহাজ নির্মাণ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ওয়েস্টার্ন মেরিনের নিজস্ব শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটি হস্তান্তর করা হবে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করাচি বন্দরের চেয়ারম্যান মুহাম্মদ আসলাম হায়াত জাহাজ দু’টি গ্রহণ করবেন। এ সময় বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। নির্মিত জাহাজ দুটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি জাহাজ ২১৫ জন যাত্রী এবং ১০ জন ক্রু পরিবহন করতে সক্ষম। এর প্রত্যেকটির দৈর্ঘ্য ৩০ মিটার, প্রস্থ ৬ দশমিক ১৮ মিটার এবং ১ দশমিক ৮ মিটার গভীরতা সম্পন্ন। জাহাজ দুটি নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের অক্টোবরে। জাহাজ দুটি’র নির্মাণ ব্যয় প্রায় ২০ কোটি টাকা। শ্রীলংকা, পাকিস্তান ও ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতা করে ওয়ের্স্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ দুটি নির্মাণের কার্যাদেশ পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২১২৪ ঘ.