ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও রপ্তানি ঋণ ছাড়া সব খাতের ব্যাংক ঋণে সুদের হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারির পর তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
‘ঋণের সুদ হার নির্ধারণ প্রসঙ্গ’- শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাত সংস্কার কর্মসূচির আওতায় গত বছরের ৯ মার্চ এক সার্কুলারের মাধ্যমে একটি নমনীয় সুদ হার নীতিমালা প্রবর্তন করা হয়। ওই নীতিমালার আওতায় ব্যাংকগুলো নিজেরাই ঋণের সুদ হার নির্ধারণ করতে পারে।
তবে বিশ্ব মন্দা পরিস্থিতি বিবেচনায় কতিপয় খাতে ঋণের সুদ হারের ঊর্ধ্বসীমা আরোপ করা হয়েছিল। তবে বর্তমান পেক্ষাপটে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ ও কৃষি ছাড়া অন্যান্য খাতে ব্যাংক ঋণের ওপর সুদ হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানায়।
এর আগে গত বছরের ৯ মার্চ এ সংক্রান্ত অপর এক সার্কুলারে বলা হয়েছিল, কৃষি খাত এবং মেয়াদি শিল্প ঋণ খাতে ঋণের সুদ হারের সর্বোচ্চ সীমা ১৩ শতাংশ বহাল থাকবে। এছাড়া সব ধরনের রপ্তানি ঋণের সুদ হার ৭ শতাংশ এবং চাল, গম, ভোজ্যতেল (পরিশোধিত ও অপরিশোধিত), ডাল, ছোলা, পেঁয়াজ, খেজুর ও চিনি আমদানি অর্থায়নে সুদ হারের সর্বোচ্চ সীমা ১২ শতাংশ বহাল থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24