শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক কল আদান-প্রদানে বকেয়া পরিশোধ না করায় ১৪ ক্যারিয়ার প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
এসব ক্যারিয়ার প্রতিষ্ঠান বৈদেশিক কল আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করতো।
বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব প্রতিষ্ঠানের কাছে প্রায় ২০০ কোটি টাকা পাওনা রয়েছে।
তিনি বলেন, “বকেয়া আদায়ে মামলা করা হবে।”
এ ছাড়া এসব প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সাঈদ খান জানান, বিচ্ছিন্ন করা ১৪টি ক্যারিয়ারের মধ্যে শুধু সিঙ্গাপুরের ডিজিটেকের কাছে প্রায় ১০০ কোটি টাকা পাওনা রয়েছে।
বাকি ১৩টি হলো- যুক্তরাষ্ট্রের জিনোসিস ও এরিস্টোকল সার্ভিস, যুক্তরাজ্যর মনি এন্টারপ্রাইজ, ওয়েস্টার্ন নেটওয়ার্ক, ইউন্ডো, সিম্পল টেল, রাইয়ান টেল, এক্সএফটেল ও লাইকা টেল, সিঙ্গাপুরের এনটিএস গ্লোবাল, ওয়ান ওয়াল্ড ও আই পাওয়ার, হংকংয়ের আইসিএম গ্র“প।
আন্তর্জাতিক কল আদান-প্রদানে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) বিভিন্ন কোম্পানিকে ক্যারিয়ার হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। একে এসটিএম বলা হয়।
বিটিসিএল, মীর টেলিকম, নভোটেল, বাংলা ট্র্যাক আইজিডব্লিউ হিসেবে কাজ করে থাকে।
বিটিসিএলের কাছে ৫৫টি এসটিএম ছিল। স¤প্রতি ১৪টি ক্যারিয়ারের সংযোগ বিচ্ছিন্ন করায় এবং এর আগে ১০টি ক্যারিয়ার বিচ্ছিন্ন করায় বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২টি।
এছাড়া অন্য তিনটি আইজিডব্লিউ মাত্র ১৪টি এসটিএম ব্যবহার করছে বলে বিটিসিএল কর্মকর্তারা জানান।
বকেয়া পরিশোধ না করায় এর আগে বিচ্ছিন্ন করা হয়- বেলজিয়ামের বেলগা কম, যুক্তরাজ্যের বিডিএইউ ও টেলিলিংক, মালয়শিয়ার দেশি ডিজিটাল, কানাডার প্রাইমট্রেল, শ্যাম লিমিটেড, ইবসাইস ও ইকোক্যারিয়ার, যুক্তরাষ্ট্রের আইএইচ ফোন এবং অস্ট্রেলিয়ার ওয়ার্ড টেল।
নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের একজন কর্মকর্তা বলেন, “বিভিন্ন ক্যারিয়ারের কাছে বিটিসিএলের প্রায় ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে। তবে ব্যাংক গ্যারান্টির চেয়ে পাওনা বেশি থাকার পরও তাগিদ না দেওয়ায় বকেয়ার পরিমাণ বেড়েছে।”
১৪টি ক্যারিয়ারের ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করে পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ বলেন, প্রতিটি ক্যারিয়ারের ব্যাংক গ্যারান্টির পরিমাণ ৯ কোটি। তবে ওই ১৪ প্রতিষ্ঠানের কাছে আমাদের পাওনা রয়েছে ২০০ কোটি টাকা। এর বাইরেও অন্যান্য ক্যারিয়ারের কাছে পাওনা রয়েছে।
কোনো কোনো প্রতিষ্ঠানের বিল করতে ২ মাসের মতো সময় লেগে যায় উল্লেখ করে একেই বকেয়া আদায়ে বিলম্বের ‘মূল কারণ’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
এ সমস্যা সমাধানে আগামী দুই মাসের মধ্যে আধুনিক আইজিডব্লিউ স্থাপনের উদ্যেগ নেওয়া হচ্ছে বলেও জানান সাঈদ।
আধুনিক আইজিডব্লিউ স্থাপন করা হলে ক্যারিয়ারদের কাছ থেকে বিল আদায়ের হিসাব ও প্রক্রিয়া আরো সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।
বিটিবিএল কর্মকতারা জানান, বৈধভাবে প্রতি মিনিট ইনকামিং এ আইএসডি কলে তিন সেন্ট করে দেশে আসে। ক্যারিয়ারগুলোর কাছ থেকে ইন্টারন্যাশনাল গেটওয়ে এ টাকা আদায় করে থাকে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের হিসাবে, প্রতিদিন গড়ে বৈধভাবে ৫ কোটি মিনিট আন্তর্জাতিক কল রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24