ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরী আবহাওয়ার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্বিতীয় দিন খুব একটা জমে উঠেনি। আর এর মধ্যেও যারা এসেছিলেন, তাদের কেনা-কাটার চেয়ে পণ্য যাচাই করতেই ব্যস্ত দেখা গেছে।
রোববার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কার্যত সোমবারই ছিলো প্রথম দিন। সোমবার দিনভর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অনেক প্রতিষ্ঠান এখনো তাদের স্টল সাজানোর কাজই শেষ কতে পারেনি।
আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা বলছেন, শুরুর দিকে দর্শনার্থীর সংখ্যা সাধারণত কমই থাকে। আর বিক্রেতারা বলছেন, প্রথম সপ্তাহ যারা আসেন, তারা মূলত ঘুরে দেখতেই বেশি পছন্দ করেন।
ইপিবির সহকারী পরিচালক মুনীরা শারমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলা শুরুর প্রথম দিকে দর্শনার্থীদের ভিড় একটু কমই থাকে। এছাড়া আজ বৈরী আবহাওয়ার কারণেও এ সংখ্যা আরো কম।”
মেলার শেষ দুই সপ্তাহ সাধারণত বেশি জমজমাট থাকে বলে জানান তিনি।
টিপ টিপ বৃষ্টির মধ্যেই মেলা প্রাঙ্গণে কথা হয় আগারগাঁওয়ের বাসিন্দা নিলুফার ইয়াসমিনের সঙ্গে। তিনি তার দুই ছেলে-মেয়েকে নিয়ে মেলা ঘুরতে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাসার কাছে মেলা হওয়ায় আজ ঘুরে দেখতে এসেছি। কেনাকাটা করবো মেলার মাঝামাঝি সময়ে।”
তবে মিরপুরের বাসিন্দা গুলশান আরা জামান মনে করেন, মেলা শুরুর প্রথম আর শেষের দিকে জিনিসপত্রের দাম একটু কম রাখে বিক্রেতারা। এ কারণে সোমবার তিনি এসেছেন গৃহস্থালি কিছু সরঞ্জাম কিনতে।
কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড থেকে তিনি কিনলেন ইলেকট্রিক চুলা, প্রেসার কুকার ও ফ্রাইং প্যান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছরের এই সময়টায় মেলার জন্য অপেক্ষায় থাকি। সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস কেনা হয় এখান থেকেই। আর সবকিছু একসঙ্গে পাওয়া যায় বলে কেনাকাটা করেও শান্তি।”
এবার মেলায় প্রথমবারের মতো একটি সেমিনার সেন্টারের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তরা জানিয়েছে, মেলায় অংশগ্রহণকারী যে কোনো প্রতিষ্ঠান এখানে সংবাদ সম্মেলন, নতুন পণ্যের উদ্বোধন এমনকি ফ্যাশন শো’ও করতে পারবে।
সাতক্ষীরার বাসিন্দা মোজাম্মেল হোসেন সপরিবারে এসেছেন মেলায়। তিনি জানান, প্রতিবছর বাণিজ্য মেলার কথা মাথায় রেখে এই সময়টায় তাদের বেড়াতে আসা হয়।
তিনি বলেন, “মফস্বলে তো আসলে ছেলেমেয়েদের বিনোদনের জায়গা কম। ঢাকায় তারা বেড়ায়, বাণিজ্য মেলা ঘুরে, কেনাকাটা করে। রথ দেখা আর কলা বেচার মতো আরকি।”
ঢাকার মোহাম্মদপুর থেকে সাত বছরের মেয়ে অতসীকে নিয়ে ‘ডরেমন’ পুতুল কিনতে মেলায় এসেছিলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষক মোনালিসা ইসলাম। অনেক ঘুরে সেই ‘ডরেমন’ মিললো থাইল্যান্ডের প্যাভিলিয়নে। সেখান থেকে অতসী কিনলো ‘ডরেমন’ পুতুল, কলম আর চাবির রিং।
অতসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “টিভিতে ডরেমন কার্টুন আমার অনেক পছন্দের। তাই এগুলো কিনতে এসেছি।”
মেলায় পুলিশ ও র্যাবের বিপুল সংখ্যক সদস্যদের নিরাপত্তার দায়িত্বে দেখা গেছে।
এবার মেলায় বাংলাদেশের বাইরে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবার প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে।
অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান, ভারত, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিট বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা।
এবার মেলার মোট স্টল সংখ্যা হচ্ছে ৫০৫টি। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৫০টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৪৪টি, প্রিমিয়ার মিনি-প্যাভিলিয়ন ৩৬টি, সংরক্ষিত মিনি-প্যাভিলিয়ন ১৫টি, প্রিমিয়ার স্টল ৪৭টি ও ৩০টি সাধারণ স্টল রয়েছে।
এছাড়া মা ও শিশুর পরিচর্যা কেন্দ্র তিনটি, ছয়টি রেস্তোরাঁ, শিশুদের বিনোদনের জন্য একটি অ্যামিউজমেন্ট পার্ক এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে একটি প্যাভিলিয়ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24