ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর আতিউর রহমান।
রোববার সকালে রাজধানীর মতিঝিলে একটি অভিজাত হোটেল এক অনুষ্ঠানে তিনি বলেন, “চীন ও ভারতসহ বিশ্বে অর্থনৈতিক মন্দা যাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো আছে।”
২০১১ সালকে তিনি ব্যাংকিং খাত সংস্কারের বছর বলে অভিহিত করেন।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণীর এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন গর্ভনর।
সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির (সিএসআর) আওতায় ব্যাংকটি পঞ্চঘর ও দিনাজপুরে তিন হাজার কম্বল বিতরণ করছে। এছাড়া যশোরের রোটার্যাক্ট ক্লাবে একটি অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে।
গর্ভনর বলেন, “ধনী ও গরিবের বিভেদ কমিয়ে আনতেই সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি। এ কারণে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এই খাতে গুরুত্ব দিয়েছে।”
২০১১ সালে এই খাতে ব্যাংকগুলো ৩৫৫ কোটি টাকা ব্যয় করেছে জানিয়ে আতিউর রহমান আশা প্রকাশ করেন, ২০১২ সালে এটি ৫০০ কোটি টাকা হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এএএম জাকারিয়া বলেন, ২০১২ সালে তাদের ব্যাংক ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে। স্কুল পর্যায়ে প্রথম সমাপনী পরীক্ষা থেকে শুরু করে কলেজের শিক্ষার্থীরা এর সুযোগ পাবে।
তার ব্যাংকের মোট পরিচালন মুনাফার ৫ ভাগ এই খাতে ব্যয় করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24