নয়া দিল্লি, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেয়ার বাজারে একটি বাজে বছর পারে করার পর বিদেশি নাগরিকদের জন্য পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগের দরজা খুলে দিলো এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত।
এতোদিন শুধু বিদেশি আর্থিক সংস্থা ও অনাবাসী ভারতীয়দেরই এ সুযোগ দেওয়া হতো।
নতুন বছরের প্রথম দিন রোববার ভারত সরকারের এক ঘোষণায় বলা হয়, “ভারতীয় পুঁজিবাজারে বিনিয়োগের পরিসর বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাজারের ঝুঁকি কমাতে কেন্দ্রীয় সরকার যোগ্য বিনিয়োগকারীদের ভারতের শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
এই সিদ্ধান্ত ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে একজন বিদেশি নাগরিক কোনো ভারতীয় সংস্থার ৫ শতাংশ পর্যন্ত শেয়ার কিনতে পারবেন। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনতে পারবেন ১০ শতাংশ পর্যন্ত।
গত বছর বিদেশি নাগরিকদের মিউচ্যুয়াল ফান্ডে ১৩০০ কোটি ডলার পর্যন্ত খাটানোর সুযোগ দিয়েছিল ভারত সরকার। এর পথ ধরে নতুন বছরে শেয়ারেও বিদেশি বিনিয়োগের পথ তৈরি করা হলো।
বাজার বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংস্কারের জন্য মনমোহন সরকারের এই পদক্ষেপ ইতিবাচক হলেও অল্প সময়ের ভেতরে অনেক বেশি বিদেশি বিনিয়োগ আশা করা ঠিক হবে না, কারণ আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা এখন খুবই সতর্ক।
গত বছর সব মিলিয়ে ভারতের সেনসেক্স সূচক পড়েছে প্রায় ৫ হাজার পয়েন্ট, যেখানে ২০১০ সালে সেনসেক্স বেড়েছিল ১৭ শতাংশের বেশি।
এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের গবেষণা বিভাগের প্রধান জগন্নাধম থুনুগুনতলা বলেন, “শেয়ার বাজারের অবস্থা একটু ভালো হলে হয়তো আমরা এই সিদ্ধান্তের সুফল পাবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০১২ ঘ.
bdnews24