ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বছরে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস দিলেও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে বিদেশি বিনিয়োগ (এফডিআই) শূন্যের কোঠায় নেমে আসতে পারে বলে সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) বাণিজ্য ও বিনিয়োগ প্রতিবেদন ২০১১ প্রকাশ উপলক্ষে সংস্থার গবেষণা সমন্বয়ক মিয়া মিকিক বলেন, "রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নেপালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ শুধু কমেনি, পুরোপুরি বন্ধ হয়ে গেছে।"
এমন পরিস্থিতি এড়াতে বাংলাদেশ সরকারকেও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিএনপির ডাকা হরতালের আগের দিন রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরতে মিকিক বলেন, "কোনো দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে থাকলে তা বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা পাঠায়।"
এশিয়া-প্যাসিফিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১১ নামে ইউএনইএসসিএপির এই প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০১১ ও ২০১২ সালে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ১৫ শতাংশ হতে পারে। প্রবৃদ্ধির এই হিসাব দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর গড় প্রবৃদ্ধির চেয়েও বেশি।
তবে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে আসার প্রবণতাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, গত পাঁচ বছরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেশগুলোতে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়েছে, তার মাত্র ১ দশমিক ৭ শতাংশ বাংলাদেশে এসেছে। আর ৭৫ শতাংশ গেছে চীন, হংকং, রাশিয়া, ভারত ও সিঙ্গাপুরে।
ইউএনইএসসিএপির এশিয়া-প্যাসিফিক রিসার্চ অ্যান্ড ট্রেইনিং নেটওয়ার্কের (এআরটিএনইটি) সমন্বয়ক মিকিক বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কোনো কারণ ব্যাখ্যা করেননি। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক 'অস্থিতিশীলতা' গুরুত্বপূর্ণ নিয়ামক বলে ইঙ্গিত দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান অনুষ্ঠানে বলেন, সরকার রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে 'খুবই আন্তরিক'।
"আমাদের প্রধানমন্ত্রী খুবই দায়িত্বশীল ও গণতান্ত্রিক। আমরা রাজনৈতিক সংঘাত চাই না," যোগ করেন তিনি।
তবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কথা বলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সমালোচনা করেন মন্ত্রী।
তিনি বলেন, "এটা লজ্জার বিষয়। তারা (ডব্লিউটিও) বড় বড় কথা বললেও কাজ করতে ব্যর্থ হয়েছে।"
তারপরও সরকার বৈদেশিক বাণিজ্য বাড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেন ফারুক খান।
ইউএনইএসসিএপির প্রতিবেদনে এশিয়ার এ অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সুযোগগুলোও চিহ্নিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, সঠিক নীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে এ অঞ্চলে 'ইতিবাচক বাণিজ্য ও বিনিয়োগ' ভিত্তিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব।
বাংলাদেশের মোট আমদানির ৬৩ শতাংশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে হলেও রপ্তানির ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। বাংলাদেশের মোট রপ্তানির মাত্র ১৫ শতাংশ ওইসব দেশে যায়।
প্রতিবেদনে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তিনটি বিষয়ের ওপর নজর দিতে পরামর্শ দিয়েছে ইউএনইএসসিএপি। এগুলো হলো- বাণিজ্য ব্যয় কমানোর কৌশল নির্ধারণ, বিশ্ববাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের রপ্তানি সুবিধা কাজে লাগানো এবং সমঝোতার মাধ্যমে বহুপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।
মিকিক বলেন, বাংলাদেশে আমদানি-রপ্তানি প্রক্রিয়ার সময় কমিয়ে আনার ক্ষেত্রে 'বড়' ধরনের অগ্রগতি হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে।
তিনি বলেন, "২০০৫ সালের তুলনায় ২০১০ সালে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সম্পন্নে সময় লেগেছে প্রায় ৪০ শতাংশ কম। গড়ে ৪০ দিন থেকে এই সময় ২৮ দিনে নেমে এসেছে।"
তবে একই সময়ে আমদানি-রপ্তানি প্রক্রিয়ার জন্য ব্যয়ের পরিমাণ মাত্র ১ দশমিক ৬ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেন মিকিক।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মতো দূরপ্রাচ্যের দেশগুলোতে পণ্য লেনদেনের ক্ষেত্রে যে ব্যয় হয় তার চেয়ে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানিতে অনেক বেশি ব্যয় হয়।
ইউএনইএসসিএপির এই গবেষক বলেন, বর্তমান প্রেক্ষিতে পরিবেশবান্ধব পণ্য ও প্রযুক্তি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে এসেছে।
"৬৪টি পণ্যকে আমরা পরিবেশবান্ধব হিসেবে চিহ্নিত করেছি। তিন হাজার কোটি ডলারের বাণিজ্য সম্ভাবনা রয়েছে এসব পণ্যের।"
অবশ্য মন্দা থেকে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের অগ্রগতি যথাযথ পর্যায়ে না হওয়ার 'কিছুটা ঝুঁকি' রয়েছে বলেও প্রতিবেদনে
সতর্ক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/২১১০ ঘ.
bdnews24