২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত 'আগের হারেই' ভাড়া নিচ্ছেন বাস মালিকরা

জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার প্রেক্ষিতে সরকার গণপরিবহনের ভাড়া পুনর্র্নিধারণ করলেও তা মনঃপূত না হওয়ায় আপাতত বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ার প্রেক্ষিতে সরকার গণপরিবহনের ভাড়া পুনর্র্নিধারণ করলেও তা মনঃপূত না হওয়ায় আপাতত বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। অবশ্য সিএনজি অটোরিকশা ও ডিজেলচালিত টেম্পো চালকরা ইতোমধ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করছেন। দূরপাল্লার বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কোষাধ্যক্ষ আজমল উদ্দিন আহম্মদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেল ও গ্যাসের দাম যে হারে বেড়েছে সে তুলনায় বাস ভাড়া কম বাড়ানো হয়েছে। তাই আপাতত বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে পরবর্তীতে আলোচনা করা হবে।" রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা এবং ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর পর সোমবার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় যোগাযোগ মন্ত্রণালয়। ঢাকা মহানগরীর বিভিন্ন রুটের বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার মাস আগে যখন একবার গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল, তখনও সে অনুযায়ী ভাড়া আদায়ে অনেক সমস্যা হয়েছে। এখন আবার ভাড়া বাড়াতে গেলে আমরা কোনোভাবেই তা বাস্তবায়ন করতে পারব না।" তেল ও সিএনজির দাম বাড়ানোর আগে নিয়ম অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিআরসিতে গণশুনানি করা হয়নি অভিযোগ করে রফিকুল হোসেন বলেন, "এটা বেআইনি। তারা কোনো ফর্মুলা মানছে না। তেল ও গ্যাসের দাম কমানোর জন্য আমরা সরকারের কাছে লিখিত আবেদন জানাবো।" ঢাকা মহানগরীর বিভিন্ন রুটের চলাচলকারী বাসের যাত্রীরা জানান, তাদের কাছ থেকে আগের হারেই ভাড়া আদায় করা হয়েছে সকাল থেকে। মোহাম্মদপুর থেকে মতিঝিলগামী বাস মিডওয়ের যাত্রী ব্যবসায়ী খান আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়লেও বাসের ভাড়া না বাড়ানোয় অবাক হয়েছি। এজন্য বাস মালিকদের ধন্যবাদ জানাই। তারা যাত্রীদের আর্থিক দিক বিবেচনা করেছেন।" মতিঝিল থেকে মিরপুরগামী এনা পরিবহনের যাত্রী কলেজ ছাত্র হুমায়ুন কবীর বলেন, "তেল ও গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা করে বাসের ভাড়া বাড়ানো হয়নি- এটা ভালো। ভবিষ্যতেও যাতে ভাড়া বাড়ানো নিয়ে পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে নজর দিতে হবে।" অবশ্য সিএনজি অটোরিকশা ও টেম্পোর ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। সোমবার ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার থেকেই 'ইচ্ছেমতো' ভাড়া আদায় শুরু করেছেন অটোরিকশা ও টেম্পোচালকরা। মহাখালী যাওয়ার জন্য বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মোড়ে অপেক্ষা করছিলেন মহসীন হোসেন নামের এক এনজিও কর্মকর্তা। তিনি বলেন, "সিএনজি অটোরিকশা চালকরা মিটারে যেতে চাইছে না। তাদের দাবি, গ্যাসের দাম বাড়ায় একশ' টাকার কম কোথাও যাওয়া লোকসান হবে। কারওয়ান বাজার থেকে মহাখালী পর্যন্ত যেতে দেড়শ টাকা ভাড়া চাইছে তারা।" এছাড়া টেম্পো চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন টাকা করে বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। যোগাযোগ মন্ত্রণালয় সোমবার সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার যে নতুন হার নির্ধারণ করেছে তাতে বলা হয়েছে, প্রথম দুই কিলোমিটারের নির্ধারিত ভাড়া ২৫ টাকা ঠিকই থাকবে। তবে দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৭ টাকা ৬৪ পয়সা হবে। বিরতির জন্য প্রতি মিনিটের ভাড়া ১ টাকা ৩০ পয়সার বদলে ১ টাকা ৪০ পয়সা হবে। অটো রিকশার দৈনিক জমার পরিমাণ ৬০০ টাকাও অপরিবর্তিত রেখেছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/২০৫২ ঘ.