২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৩ ঘণ্টা জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ

ডিলারদের কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় মঙ্গলবার তিন ঘণ্টা সরকারি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখে পাম্প ও ট্যাংকলরির মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

খূলনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিলারদের কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবিতে খুলনায় মঙ্গলবার তিন ঘণ্টা সরকারি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখে পাম্প ও ট্যাংকলরির মালিকরা। সকাল ৮টা থেকে খালিশপুরের সরকারি ডিপোতে তেল উত্তোলন বন্ধ রেখে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন- খুলনা বিভাগীয় কমিটি এ বিক্ষোভ-সমাবেশ করে। সংগঠনের নেতারা জানান, সোমবার রাতে সংগঠনের কাশিপুরের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনটি সরকারি কোম্পানির তেল ডিপো থেকে তেল উত্তোলন না করে মালিক ও শ্রমিকরা গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। কর্মসূচির সঙ্গে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংহতি প্রকাশ করে। গাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম মাহবুব আলম, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক এনাম মুন্সি প্রমুখ। ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সরকার তেলের মূল্য বাড়িয়েছে। ফলে ডিপো থেকে বিভিন্ন পাম্পে তেল পৌঁছে দিতে আগের চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে ট্যাংকলরি মালিকদের। এ জন্যই ট্যাংকলরির মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বলে জানান মাহবুব আলম। খুলনা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরেই পাম্প মালিকরা সরকার নির্ধারিত ৩.৪৫ টাকা কমিশনে জ্বালানি তেল বিক্রি করছে। কমিশন সাত টাকা করার জন্য বেশ কয়েকবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। তখন সরকার বলেছিলো, পরবর্তীতে জ্বালানি তেলের দাম বাড়ালে পাম্প মালিকদের কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানো হবে।" এই দাবি বাস্তবায়ন করার জন্যই পাম্প মালিক ও ট্যাংকলরির মালিকরা সরকারি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখে বলে জানান গাজী হাফিজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯২০ ঘ.