ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজার চাঙা করতে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এবং এসইসির উদ্যোগের পরও সূচকের পতন ঠেকানো যায়নি।
মঙ্গলবার সকালে ইতিবাচকভাবে দিন শুরু করলেও শেষে গতদিনের চেয়ে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারেই।
তবে বাজার 'শিগগরিই' ভালো হয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসুচক ১০১ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধগতি কিছুটা কমতে থাকে। লেনদেন শেষে গতদিনের চেয়ে সূচক ৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮০৯ পয়েন্টে।
দিনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) দিনশেষে ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫৭ পয়েন্টে।
ডিএসই সভাপতি শাকিল রিজভী বলেন, "দিনের শুরুতে সূচক বাড়তে দেখে অনেকেই শেয়ার কিনে ফেলেন। এরপর বিক্রি করে টাকা সমন্বয় করার কারণে শেষের দিকে বিক্রির চাপ বেড়ে যায়। এতে সূচক কিছুটা কমে গেছে।"
"তবে বাজার ভালো অবস্থার দিকে যাচ্ছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই স্থিতিশীলতা ফিরে আসবে," বলেন তিনি।
ডিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৩৭ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা কম। সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৫৭ কোটি টাকা শেয়ার যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি।
ডিএসইতে দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ১৭৬ টির। বদলায়নি ১০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
মঙ্গলবারের দরপতন সম্পর্কে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। গত কিছুদিন ধরেই বাজার অনেক বেশি ওঠানামা করছে। এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।"
তিনি বলেন, "সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে একেক সময় একেক রকম কথা বলা হয়েছে। এর প্রভাবও বাজারে পড়েছে। তারপরও আমি আশাবাদী যে দুএকদিন গেলে বাজার হয়তো একটু ভালো হবে।"
সোমবার ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য আরো এক বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর বিকেলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে বাজারে তারল্য বাড়াতে এসইসি মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাত ভিত্তিক শেয়ারে বিনিয়োগসীমা স্থগিত করে। শেয়ারের অভিহিত মুল্য বদলানোর জন্য আদেশ জারি করে
ঋণসীমা সমন্বয়ের জন্য সময় পাওয়ার পর ব্যাংকগুলো তাদের মার্চেন্ট ব্যাংকগুলোতে ঋণ বাড়াবে কী না জানতে চাওয়া হলে মোহাম্মদ এ হাফিজ বলেন, "সে সিদ্ধান্ত ব্যাংকগুলো নেবে। ঋণ প্রবাহ বাড়ালেও সেটা আসতে কয়েকদিন তো সময় লাগবেই।"
ডিএসইতে লেনদেনের (টাকায়) শীর্ষ ১০টি কো¤পানি হলো - বেক্সিমকো লি., লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, এমআই সিমেন্ট, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, ওয়ান ব্যংক লি. ও ফুয়াং ফুডস।
দাম বাড়ায় শীর্ষ ১০টি কোম্পানি- ফার্মাএইড, রহিম টেক্সটাইল, তাল্লু স্পিনিং, অ্যাম্বি ফার্মা, রেকিট বেনকিজার, পপুলার লাইফ ইন্সুরেন্স, পঞ্চম আইসিবি, বিডি ল্যাম্পস্, পূরবী জেনারেল ইন্সুরেন্স ও দেশ গার্মেন্টস।
অন্যদিকে দাম কমার শীর্ষ প্রধান ১০ টি কো¤পানি- মডার্ন ডাইয়িং, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, মালেক স্পিনিং, তৃতীয় আইসিবি, প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক এশিয়া, মেট্রো স্পিনিং, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, মুন্নু জুটেক্স ও ফু-ওয়াং ফুডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯০০ ঘ.
bdnews24