২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংক ও এসইসির কাজে সমন্বয় আনার সুপারিশ

পুঁজিবাজারে শেয়ারের প্রবাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার কাজে সমন্বয়সহ সার্বিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে শেয়ারের প্রবাহ ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার কাজে সমন্বয়সহ সার্বিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৯তম বৈঠকে এই সুপারিশ করার পাশাপাশি সুষ্ঠু পরিকল্পনা এবং অগ্রাধিকারভিত্তিক কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারকে 'স্বাভাবিক, স্থিতিশীল ও লাভজনক' করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুঁজিবাজার চাঙা করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। তবে এসব উদ্যোগের পরও পুঁজিবাজারে সূচক পতন রোধ করা যায়নি। মঙ্গলবার সকালে ইতিবাচকভাবে দিন শুরু করলেও দিন শেষে গতদিনের চেয়ে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারেই। স্থায়ী কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে এ দুই সংস্থার কাজে আরো সমন্বয় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। 'বাংলাদেশ ফান্ড' গঠনের মাধ্যমে পুঁজিবাজারে সহায়তার পাশাপাশি বিশেষ কনসোর্টিয়াম গঠনের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে দেশের বিভিন্ন অবকাঠামোগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন কমিটির সদস্যরা। কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মো. খালেদুর রহমান টিটো, বীরেন শিকদার, এস কে আবু বাকের, বজলুল হক হারুন এবং আমিনা আহমেদ এই বৈঠকে অংশ নেন। এছাড়া এসইসির চেয়ারম্যান ও সদস্য, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক, অর্থ মন্ত্রণালয় এবং মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৮০৭ ঘ.