ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরের পাইকারি ও খুচরা বাজারগুলো পরিদর্শনের জন্য নতুন করে আটটি তদারকি দল গঠন করা হয়েছে।
দলগুলো বুধবার থেকে বাজার পরিদর্শন শুরু করবে।
আগের দলগুলো বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার নতুন তদারকি দল পুণর্গঠন করা হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ডিসেম্বর পর্যন্ত তদারকি চালিয়ে যাবে দলগুলো। এগুলোর সদস্যরা কারখানা থেকে শুরু করে ছোট-বড় কাঁচাবাজার পর্যন্ত পরিদর্শন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার মূল্য, মজুদ পরিস্থিতি ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে তারা।
প্রত্যেকটি তদারকি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিব।
এছাড়া তদারকি দলগুলোয় কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, এফবিসিসিআই ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রতিনিধি থাকবে। একইসঙ্গে পর্যাপ্ত র্যাব ও পুলিশ সদস্যও এসব দলে থাকবেন।
বাজারে অস্বাভাবিক অবস্থা দেখা দেলে তদারকি দল তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়াও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবে তারা।
অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ আওতায় দলগুলো কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭৩৭ ঘ.
bdnews24