ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করেছে ক্ষমতাসীন মহাজোটের কয়েকটি শরিক দল এবং প্রধান বিরোধী দল বিএনপি।
অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এতে মূল্যস্ফীতি আরো বাড়বে।
সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর পরদিন সোমবার গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর এই আদেশ জারি করে বিইআরসি। এই পরিপ্রেক্ষিতে বাস ও অটোরিকশার ভাড়াও বাড়ানো হয়েছে।
সোমবার সন্ধ্যায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জ্বালানির দাম বাড়ানোর ফলে সব পণ্যের দাম আরেক দফা বাড়বে।
সরকারের 'ভুল' নীতির কারণেই মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছেছে বলেও অভিযোগ করেন তিনি।
তেলের দাম বাড়ানোর সমালোচনা করে বর্তমান মহাজোট সরকারের শরিক ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইএমএফের চাপে পড়ে কয়েক মাসের ব্যবধানে জ্বালানির দাম বাড়ানো হলো। এর ফলে কৃষি এবং শিল্পখাত বিপদগ্রস্ত হয়ে পড়বে। সব খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।"
সরকারের আরেক শরিক জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ানোর দায় সরকারকেই নিতে হবে। কারণ, এতে জনগণের ওপর নতুন করে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।"
কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী পদক্ষেপ। অর্থনৈতিক দিক বিবেচনাতেও এর কোনো যুক্তি নেই। আন্তর্জাতিক বাজারে যখন দাম কমেছিল তখন দেশেও দাম কমিয়ে আনার কথা ছিল।"
অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "এমনিতেই দেশের প্রতিটি মানুষের মধ্যে অসন্তোষ চলছে। জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের ভোগান্তি আরো বাড়বে। যোগাযোগ খরচ ও বিদ্যুৎ খরচ বেড়ে যাবে। তবে সব দিক বিবেচনায় রেখেই সরকার হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।"
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, "তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে। বিশেষ করে যোগাযোগ ও কৃষিখাতে অসুবিধার সৃষ্টি হবে। দরিদ্র শ্রেণী আরো দরিদ্র হবে। অর্থনীতির জন্য এটা চরম ধাক্কা। অতিরিক্ত মূল্যস্ফীতিকে আরো উসকে দেবে সরকারের এ পদক্ষেপ।"
তবে জ্বালানির মূল্য বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় দেশীয় বাজারেও বেড়েছে। তবে জনগণের দুর্ভোগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সতর্ক থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২২০৭ঘ.
bdnews24