২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়েছে বাস-অটো রিকশার ভাড়াও

জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে সরকার। বাস ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটার ৫ পয়সা। অটো রিকশার ভাড়া বেড়েছে ১৪ পয়সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও সিএনজির দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়াও বাড়িয়েছে সরকার। বাস ভাড়া বেড়েছে প্রতি কিলোমিটার ৫ পয়সা। অটো রিকশার ভাড়া বেড়েছে ১৪ পয়সা। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার পাঁচ টাকা বাড়ানোর পর যোগাযোগ মন্ত্রণালয় সোমবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সকালেই বাস, অটো রিকশা ও রেলের ভাড়া বাড়ানোর কথা জানিয়েছিলেন। বিকালে উপসচিব চন্দন কুমার দে-ও স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি হয়। নতুন হার অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ১৫ পয়সার পরিবর্তে ১ টাকা ২০ পয়সা হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বড় বাসের নতুন ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা, যা আগে ১ টাকা ৫৫ পয়সা ছিলো। মহানগরীর মিনিবাসের ভাড়া ১ টাকা ৪৫ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা করা হয়েছে। সিএনজি অটো রিকশার প্রথম দুই কিলোমিটারের নির্ধারিত ভাড়া ২৫ টাকা ঠিক থাকবে। তবে দুই কিলোমিটারের পর প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ৭ টাকা ৬৪ পয়সা হবে। বিরতির জন্য প্রতি মিনিটের ভাড়া ১ টাকা ৩০ পয়সার বদলে ১ টাকা ৪০ পয়সা হবে। অটো রিকশার দৈনিক জমার পরিমাণ ৬০০ টাকা অপরিবর্তিত থাকছে। নতুন ভাড়ার হার সোমবার থেকেই কার্যকর বলে মন্ত্রণালয় জানিয়েছে। অন্য সময় জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বাড়ানো না হলেও এবার তা-ও বাড়ছে বলে জানান মন্ত্রী। "ভাড়া না বাড়িয়ে উপায় নেই," বলেন তিনি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন হার অনুযায়ী প্রতি লিটারের দাম- ডিজেল ৫১ টাকা, কেরোসিন ৫১, পেট্রোল ৮১, অকটেন ৮৪ ও ফার্নেস অয়েল ৫০ টাকা। এরপর সোমবার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও প্রতি ঘনমিটারে ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮০৭ ঘ.