ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন উদ্যোগের পরও সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে ১৬৬ পয়েন্ট। অধিকাংশ শেয়ারে দামও এদিন কমেছে।
রোববার বেলা ১১টায় ৫ হাজার ৯৬৬ পয়েন্ট নিয়ে লেনদেন শুরুর পর দুপুর ৩টায় সূচক কমে ৫ হাজার ৮০০ পয়েন্ট হয়।
দরপতনের প্রতিবাদে আগের সপ্তাহের মতো রোববারও ডিএসই সামনের রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। এর ফলে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এছাড়া বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ নেতারা দুপুরে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বৈঠক শেষে পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীল করতে আমরা এসইসিকে ১৫ দফা দাবি জানিয়েছি। তারা এটা বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।"
রোববার ডিএসইতে ৩৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত ছিল ৩টির দাম।
কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বাজার চাঙ্গা না হওয়ার কারণ জানতে চাইলে ডিএসইর প্রথম সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, "আমরা সবাই পদক্ষেপ নিচ্ছি। কিন্তু বাজার চলবে তার আপন গতিতে।"
"মিউচুয়াল ফান্ডগুলোর ওপর থেকে একক ও খাতভিত্তিক বিনিয়োগে বিধিনিষেধ তুলে নেওয়া হলো। কিন্তু তারা কি করছে আমরা বুঝতে পারছি না। আবার বাংলাদেশ ফান্ড দিয়ে কি হচ্ছে তাও বুঝতে পারছি না", যোগ করেন তিনি।
আহসানুল ইসলাম বলেন, অনেক বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনে রেখেছেন। বাজার একটু উর্দ্ধমুখী হলেই তারা শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করছেন। বাজারের নিুমুখী প্রবণতার এটিও একটি কারণ হতে পারে বলে মনে করেন তিনি।
ঈদের ছুটির পর থেকেই দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের এই ধারা চলছে। ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১১ কর্মদিবসের মধ্যে ৮ দিনই সূচক পড়েছে এই বাজারে।
বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো থেকে দেওয়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ডিসেম্বর থেকে আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়া ১ ডিসেম্বরের মধ্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার বিষয়েও আদেশ জারি করেছে এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/জেকে/১৬১০ ঘ.
bdnews24