২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন: ডিএসইর সামনে বিক্ষোভ

পুঁজিবাজারে অব্যাহত দরপতনে রাস্তায় নেমেছে বিনিয়োগকারীরা। পরিস্থিতি সামাল দিতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনে রাস্তায় নেমেছে বিনিয়োগকারীরা। পরিস্থিতি সামাল দিতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক ভবন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। রোববার লেনদেন শুরুর পর গত কয়েকদিনের মতোই সূচক পড়তে থাকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এরপর দুপুর পৌনে ১টার দিকে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে মানববন্ধন করে। দেড়টার দিকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠকে বসে বিনিয়োগকারীদের প্রতিনিধিরা। দুপুর ২টায় ডিএসই সাধারণ মূল্যসূচক একশর বেশি পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ চেয়ে শ্লোগান দেয়। এরপর আড়াইটার দিকে শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। বাজারের নিুমুখী ধারার কারণে গত সপ্তাহেও বিনিয়োগকারীর রাস্তা অবরোধ করে, টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায়। রোববার ডিএসইতে লেনদেন শুরুর পর সাড়ে তিন ঘণ্টায় সাধারণ মূল্যসূচক ১৫৫ পয়েন্ট কমে যায়। অধিকাংশ শেয়ারে দামও কমে যায় ওই সময় পর্যন্ত। কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও বাজার চাঙ্গা না হওয়ার কারণ জানতে চাইলে ডিএসইর প্রথম সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, অনেক বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনে রেখেছেন। বাজার একটু উর্দ্ধমুখী হলেই তারা শেয়ার বিক্রি করে ঋণ সমন্বয় করছেন। বাজারের নিুমুখী প্রবণতার এটিও একটি কারণ হতে পারে। ঈদের ছুটির পর থেকেই দেশের প্রধান পুঁজিবাজারে দরপতনের এই ধারা চলছে। ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১০ কর্মদিবসের মধ্যে ৭ দিনই সূচক পড়েছে এ বাজারে। বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমা তুলে দেওয়া হয়েছে। ব্যাংকগুলো থেকে দেওয়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর জন্য একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ডিসেম্বর থেকে আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৪৫৬ ঘ.