ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে ১৫ দফা দাবি জানিয়েছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের প্রতিনিধিরা।
রোববার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা এসইসি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠক শেষে পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীল করার জন্য আমরা এসইসিকে ১৫ দফা সুপারিশ করেছি। এসব প্রস্তাব বিবেচনা করবেন বলে এসইসি চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছেন।"
রোববার সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসুচক ১৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮০০ পয়েন্টে।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ২৯২ পয়েন্ট কমে ১০ হাজার ৫২৮ পয়েন্ট হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
দিনের শুরু থেকেই সূচক পড়তে শুরু করলে দুপুর পৌনে ১টার দিকে মানবন্ধন করে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। এক পর্যায়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে মতিঝিল শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
অব্যাহত সূচক পতনের কারণে গত সপ্তাহেও বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/১৬৫৭ ঘ.
bdnews24