ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারের সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার আদেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত বৃহস্পতিবার জারি করা এ আদেশে বলা হয়, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
"আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হবে।"
আদেশে বলা হয়, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, সেসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা পালন করে ৪ ডিসেম্বর থেকে ইউনিফর্ম অভিহিত মূল্যে অর্থাৎ, অভিহিত মূল্য ১০ টাকার মাধ্যমে ট্রেডিং শুরু করতে হবে।
"এ জন্য ১ ডিসেম্বর রেকর্ড ডেট ধার্য করতে হবে। এ জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করতে হইবে না।"
বছর খানেক আগে অর্থ মন্ত্রণালয় অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিলেও তখন কোনো বাধ্যবাধকতা ছিলো না। কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের অভিহিত মূল্য তখন ১০ টাকা করা হয়।
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ধস তদন্তে গঠিত কমিটি সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা সুপারিশ করেছিলো।
ডিসেম্বরের ১ তারিখে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার ঘোষণা এসইসি দেয় গত ২৩ অগাস্ট।
সেদিন এসইসি মুখপাত্র সাইফুর রহমান বলেছিলেন, তদন্ত কমিটির সুপারিশেই সব শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24