চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ৬০ আয়কর দাতাকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা জেলা, চট্টগ্রাম জেলা (সিটি করপোরেশন ব্যতিত), চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী, বান্দরবান, লক্ষীপুর, ফেনী ও খাগঢ়াছড়ি জেলার মোট ৬০ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
এর মধ্যে প্রতিটি কর অঞ্চল থেকে দীর্ঘ সময় কর প্রদানকারী দুইজন এবং ২০১০-১১ কর বর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আয়কর দিবস আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
২০১০-১১ করবর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রথম সেরা করদাতা মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানে বলেন, টিআইএন ব্যবহারের পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, মোবাইল ফোন থেকে প্রতিমাসে আয়কর দেওয়ার সুযোগ রাখতে হবে। এতে সরকার প্রতিমাসে কর পেয়ে যাবে।
আরেক সেরা করদাতা আবুল কাশেম বলেন, করদাতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আগামী দুই বছরের মধ্যে আয়কর আদায় দ্বিগুণ করা সম্ভব।
চট্টগ্রামের কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাকের (কর অঞ্চল-১) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মো. শাহজাহান।
অনুষ্ঠানে করদাতাদের মধ্যে লোকমান হোসেন তালুকদার, মোরশেদ আলম, জি এস ইজদানী ও চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সভাপতি জসিমউদ্দিন খান বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৪ ঘ.
bdnews24