ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক বিনিয়োগের সীমা স্থগিত করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এতদিন ফান্ডগুলো একক কোম্পানির শেয়ারে তহবিলের ১০ শতাংশ, একক খাতের শেয়ারে সর্বোচ্চ ২৫ শতাংশ বিনিয়োগ করতে পারত।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম স্থগিত থাকছে।
এসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "বৃহস্পতিবার কমিশন বৈঠকে বিধি ৩৬ এর তফসিল ৫ এর ২ ও ৫ ধারাটি ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।"
গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ বিধিমালা স্থগিত করা হয়েছিলো।
বুধবার এসইসির সঙ্গে বৈঠকের সময় এই বিধিনিষেধ স্থগিতের অনুরোধ জানায় সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো।
এ লক্ষ্যে একক ও খাতভিত্তিক শেয়ারে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি 'সক্রিয়ভাবে' বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন সাইফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯২৭ ঘ.
bdnews24