২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থিতিশীল' পুঁজিবাজার প্রতিষ্ঠায় চট্টগ্রামে সমাবেশ

'স্থিতিশীল' পুঁজিবাজার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে কয়েকশ বিনিয়োগকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'স্থিতিশীল' পুঁজিবাজার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে কয়েকশ বিনিয়োগকারী। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করে তারা। তিন দিনের ধারাবহিক কর্মসূচির অংশ হিসেবে পুঁজিবাজারে বিনিয়োগকারী কয়েকশ ব্যক্তি 'ইনভেস্টরস ফোরাম চট্টগ্রামের' ব্যানারে এ সমাবেশ করে। কর্মসূচিতে কয়েকজন বিনিয়োগকারী খালি থালা হাতে অংশ নেয়। সমাবেশ থেকে বক্তারা পুঁজিবাজারের অব্যাহত দরপতনের জন্য ভ্রান্তনীতি, বাংলাদেশ ব্যাংক গর্ভনরের পুঁজিবাজার বিরোধী মানসিকতা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর অকার্যকারিতা এবং বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সমন্বয়হীনতাকে দায়ী করেন। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বিনিয়োগকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, সরোজ চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী। এছাড়া মিছিল সমাবেশ শেষে ইনভেস্টরস ফোরামের পক্ষ থেকে পাঁচদফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চট্টগ্রাম ডিএসই কার্যালয়ে দেওয়া হয়। অব্যাহত দরপতনের প্রতিবাদ এবং পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামের বিনিয়োগকারীরা গত সোমবার থেকে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮২৬ ঘ.