ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বাংলাদেশ সাত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ম্যানিলা ভিত্তিক এ আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠান বলেছে, ২০১০-১১ অর্থবছরের চেয়ে এবার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক তিন শতাংশ বেড়ে সাত-এ পৌঁছাতে পারে।
তবে এ বছর সামগ্রিকভাবে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি সাত দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক সাত শতাংশের মধ্যে থাকবে বলে মনে করে এডিবি।
এ অঞ্চলের মূল বাণিজ্য অংশিদার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি কমতে পারে বলে চলমান আশঙ্কার ভিত্তিতে প্রবৃদ্ধির এ পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার রাজধানীতে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১১ আপডেট প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এডিবির জ্যেষ্ঠ কান্ট্রি স্পেশালিস্ট মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, "রপ্তানি ও দেশজ উৎপাদন বাড়ায় ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে।
"তবে মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় তা ২০১১-১২ অর্থবছরের প্রবৃদ্ধি অর্জনে বাধা সৃষ্টি করতে পারে।"
প্রবৃদ্ধির এ পূর্বাভাসের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ও আমদানি চাহিদা কমানোকে গুরুত্ব দেওয়া বাংলাদেশের মুদ্রানীতিকে বিবেচনায় নিয়েছে এডিবি।
জাহিদ বলেন, "মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে বা মুদ্রানীতি নিয়ে সমঝোতা হলে এ প্রবৃদ্ধি নাও হতে পারে।
চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে সাত শতাংশ।
চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনার মতো অর্থনৈতিক খাতে কাঠামোগত সংস্কারের পরামর্শ দিয়ে এডিবির ওই বিশেষঞ্জ বলেন, "মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে জনমিতিক পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা জরুরি।"
বাংলাদেশের এডিবির আবাসিক প্রধান থেবাকুমার কান্দিয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল ও লেনদেনের ভারসাম্য বজায় রাখতে নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়াতে বাংলাদেশের প্রয়োজন বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শ্রম বাজার বাড়ানো এবং দারিদ্র্য দূর করা।"
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শিল্প খাতে অগ্রগতি প্রয়োজন উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, "বিদ্যুৎ উৎপাদন বাড়াতে না পারলে শিল্প উৎপাদন বাড়ানো যাবে না।"
তার মতে, একটি নির্দিষ্ট বয়সের জনসংখ্যায় যে পরিবর্তন হচ্ছে তার সুবিধা কাজে লাগাতে পারে বাংলাদেশ।
"তরুণরা সংখ্যায় বিপুল। তাদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারলে তারা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২২০১ ঘ.
bdnews24