২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা পাবেন ৩৫০ করদাতা

বরাবরের মত আয়কর দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে এবার আয়কর দিবসে ৩৫০ জন করদাতাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মত আয়কর দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে এবার আয়কর দিবসে ৩৫০ জন করদাতাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের ৬৪ জেলা ও ছয় সিটি করপোরেশনে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বেশি আয়কর প্রদানকারী তিন জন করদাতা এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে কর দিয়ে আসছেন এমন দুজনকে একটি ক্রেস্ট, একটি পরিচিতি কার্ড ও একটি সম্মাননা দেওয়া হবে। বৃহস্পতিবার ঢাকায় বেইলি রোডে অফিসার্স ক্লাবে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আয়কর দিবস ও মেলা উপলক্ষে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এ তথ্য জানান। ২০০৮ সাল থেকে ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করছে এনবিআর। সেরা করদাতাদের সম্মাননাও দেওয়া হচ্ছে ওই বছর থেকে। গত অর্থবছরের মতো চলতি ২০১১-১২ অর্থবছরেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে নাসিরউদ্দিন বলেন, অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) ১ হাজার ৯০৫ কোটি টাকা আয়কর আদায় হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আয়কর মেলা রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে ছয়দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মেলা শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদ সম্মেলনে নাসিরউদ্দিন জানান, ঢাকায় অফিসার্স ক্লাবে কেন্দ্রীয়ভাবে মেলা আয়োজন করা হবে। এছাড়া চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে, খুলনায় কর ভবন চত্বরে, সিলেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে, বরিশাল ক্লাব অডিটোরিয়ামে ও রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মেলা হবে। এনবিআর প্রধান বলেন, "আমরা আশা করছি, এবার মেলায় ১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দেবেন। রাজস্ব আদায়ের পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।" মেলায় নতুন কারদাতাদের তাৎক্ষণিক টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) সার্টিফিকেট দেওয়া হবে। করদাতারা যাতে সহজে আয়কর বিবরণী জমা দিতে পারেন সে জন্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। গত বছর ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়েছিলো। এ দুই মেলায় মোট ৫২ হাজার ৪৪০ জন করদাতা আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। রাজস্ব আদায় হয়েছিল ১১৩ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএম/এমআই/১৮০৬ ঘ.