ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণা অনুযায়ী অর্ধকোটিরও বেশি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এক পোস্টিংয়ে মঙ্গলবার বলা হয়, যমুনা অয়েল কোম্পানির কর্পোরেট স্পন্সর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ৫৩ লাখ ৫৫ হাজার শেয়ার বাজার দরে বিক্রি সম্পন্ন করেছে।
১০ টাকা অভিহিত মূল্যের যমুনা অয়েলের প্রতিটি শেয়ারের দাম মঙ্গলবার দিন শেষে ছিলো দুশ ৭৪ টাকা ৯০ পয়সা।
২০০৭ সালে পুঁজিবাজারে আসা যমুনা অয়েলের ৭০ শতাংশ শেয়ার সরকার এবং ১৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার বিনিয়োগকারীদের হাতে রয়েছে। বাকি ১৫ দশমিক ০৪ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।
বিপিসির হাতে থাকা যমুনা অয়েলের তিন কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৪টি শেয়ারের মধ্যে এই শেয়ারগুলো এক মাসের মধ্যে বিক্রি করা হবে বলে গত ২৬ জুলাই জানিয়েছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
গত ফেব্র"য়ারিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "সরকারি ২১টি প্রতিষ্ঠানের শেয়ার সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে বাজারে ছাড়া হবে।"
এর মধ্যে পাঁচটি ইতোমধ্যেই বাজারে তালিকাভুক্ত- এ কথা জানিয়ে মুহিত বলেন, সেগুলোর আরো শেয়ার ছাড়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১০০ ঘ.
bdnews24