মো. মহিউদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত রপ্তানি বন্ধ করায় চট্টগ্রামের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম গত চারদিনে কেজিতে ১৫ টাকা বেড়েছে।
দাম সহনীয় রাখতে বিশ্বের অন্যান্য রপ্তানিকারক দেশ থেকে পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
বাংলাদেশে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি স্বীকার করে বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি স্বাভাবিক রাখতে ভারত সরকারকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
"সাধারণত এই সময়ে ভারতে পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়া তারা রপ্তানি বন্ধ রাখে। গত বছরও এই সময়ে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল।"
খাতুনগঞ্জের হোসেন অ্যান্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী এম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে অনেকে পেঁয়াজ মজুদ করতে শুরু করেছে।
"এতে করে পেঁয়াজের দাম বেড়েছে।"
খাতুনগঞ্জে দৈনিক ৫০ থেকে ৬০ ট্রাক পেঁয়াজের চাহিদা থাকলেও মঙ্গলবার খাতুনগঞ্জে মাত্র তিন থেকে চার ট্রাক পেঁয়াজ এসেছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানিকারক মো. শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে প্রতিদিন গড়ে ১০০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে আসলে দাম স্বাভাবিক থাকে। এরকম আসলেই দাম বাড়তে শুরু করে।
সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর ১০০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছিল বলে জানান তিনি।
"পরদিন ৭০ গাড়ি আসলেও ১১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো পেঁয়াজের ট্রাক প্রবেশ করেনি।"
গত রোববার সোনা মসজিদ বন্দর দিয়ে সাত ট্রাক এবং সোমবার সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে আসে চার ট্রাক পেঁয়াজ।
দাম বেড়েছে খুচরা বাজারে
গত সপ্তাহের শুরুর দিকে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৩ থেকে ৩৫ টাকা বিক্রি হলেও শনিবার থেকে বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।
নগরীর বহদ্দারহাট বাজারের খুচরা বিক্রেতা মো. আব্দুস সামাদ বলেন, "শনিবার থেকে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। পাইকারি বাজার থেকেই কিনতে হচ্ছে ৪৫ টাকায়। তাই ৫০ টাকার কমে বিক্রি করা সম্ভব হচ্ছে না।"
মঙ্গলবার পাইকারি দর কমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "বর্তমানে যেসব পেঁয়াজ বিক্রি করছি সেগুলো বেশি দামে কেনা। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।"
আসাদগঞ্জের খুচরা ব্যবসায়ী মেসার্স প্রমিজ স্টোরের মালিক রতন কান্তি দাশ বলেন, "পাইকারি দর বেশি হওয়াতে খুচরা বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। গত চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১৩ টাকা থেকে ১৫ টাকা।"
গুজবে দাম বেড়েছে
খাতুনগঞ্জে শনিবার সকালে প্রতি কেজি পেঁয়াজ সকালে ৩৫ টাকা বিক্রি হলেও বিকালে বিক্রি হয়েছে ৪৪ টাকা দরে।
এর পরদিন আরো এক টাকা বেড়ে পেয়াজ বিক্রি হয় ৪৫ টাকায়। সোমবার পর্যন্ত এ দামেই পেঁয়াজ বিক্রি হয়েছে।
তবে মঙ্গলবার থেকে পাঁচ টাকা কমে ৪০ টাকা দরে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ীরা মনে করেছিল আগের এলসি করা পেঁয়াজও ভারত রপ্তানি করবে না। তাই দুইদিন দাম চড়া ছিল।
"এলসি করা পণ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে।"
মঙ্গলবার ভালো মানের পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হয়েছে বলে জানান তিনি।
৭ থেকে ১০ হাজার টন পেঁয়াজ এলসি করা আছে উল্লেখ করে ইদ্রিস বলেন, "এসব পেঁয়াজ দিয়ে দেশের ১৫ থেকে ১৮ দিনের চাহিদা পূরণ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২২৪৫ ঘ.
bdnews24