চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে চট্টগ্রামে ক্ষুদ্র বিনিয়োগকারীরারা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে।
মঙ্গলবার দুপুরে ১টার দিকে নগরীর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সামনে আগ্রাবাদ শেখ মুজিব সড়কে সমাবেশ ও মিছিল করে তারা।
এ সময় গুরুত্বপূর্ণ এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
চিটাগাং ইনভেস্টর্স ফোরামের ব্যানারে শতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারী এতে অংশ নেয়। তারা বাংলাদেশ ব্যাংকের গর্ভনর এবং অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে শ্লোগান দেয়।
তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান বিনিয়োগকারীরা।
সোমবার সিএসই'র মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি বরাবর পাঁচ দফা দাবি জানিয়েছিল চট্টগ্রামের ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
এর মধ্যে রয়েছে মুদ্রানীতি সংশোধন, প্রস্তাবিত নতুন ব্যাংক কোম্পানি আইনে পুঁজিবাজারে বিনিয়োগের সীমারেখার প্রস্তাব প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংক নির্দেশিত সিঙ্গেল পার্টি এক্সপোজারের সময়সীমা আরো এক বছর বাড়ানো।
সিঙ্গেল পার্টি এক্সপোজারের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র সাইফুর রহমান।
চট্টগ্রামের বিনিয়োগকারীরা বিক্ষোভ শেষে বুধ ও বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদে সিএসই'র সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইনভেস্টর্স ফোরামের আহবায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহবায়ক এম এ কাদের ও খোরশেদ আলম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24