২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩৫ কোটি ৯০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩৫ কোটি ৯০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। সোমবার বিশ্বব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন এতে সই করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়নে (এইচপিএনএসডিপি) তিনশ' কোটি ডলারে কর্মসূচিতে এ ঋণের অর্থ ব্যয় করা হবে। গত ২৩ অগাস্ট ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদী ওই কর্মসূচির অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এইচপিএনএসডিপি কর্মসূচি বাস্তবায়নে একশ' ৮০ কোটি ডলার বিদেশি সহায়তা আসবে। বাকি টাকা দেবে সরকার। স্বাস্থ্য ও সামাজিক খাতে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় অংশ হিসেবে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার কমানো, মাতৃ স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়াসহ সংক্রামক ব্যাধি মোকবেলা এবং জন্মহার কমানোর লক্ষ্য অর্জনই এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়া স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাতের চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ও দক্ষতা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য। ইআরডির মতে, অত্যন্ত নমনীয় শর্তে এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। ১০ বছরের 'গ্রেস পিরিয়ড'সহ ৪০ বছরে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এ ঋণের জন্য বছরে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, আমাদের একমাত্র লক্ষ্য গরীবের সেবা করা। তিনি বলেন, হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম (এইচএনপিএসপি) ২০০৫-এর ধারাবাহিকতায় নতুন এ কর্মসূচি সব নাগরিকের জন্য সমান ও মান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। ইআরডি সচিব বলেন, গত জুনে শেষ হওয়া এইচএনপিএসপি কর্মসূচির সফলার ওপর ভিত্তি করে এইচপিএনএসডিপি কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্বব্যাংক গত কর্মসূচিতে ৩০ কোটি ডলার অর্থায়ন করে। এবার তা বাড়িয়ে ৩৫ কোটি ৯০ লাখ ডলার করা হয়েছে। বিশ্বব্যাংক ছাড়াও ইউএসএইড, ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএনআইডিএস, জাইকা, এসআইডিএ, সিআইডিএ, ডিএফআইডি, ডব্লিউএইচও, জিআইজেড, ইউরোপীয় কমিশনসহ ১৫টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ এ কর্মসূচিতে অর্থায়ন করবে। শিশু ও মাতৃমৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতির জন্য বাংলাদেশের প্রশংসা করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি। তিনি বলেন, নতুন এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্যসেবা কেন্দ্রে সন্তান জন্মদানের হার ৭০ শতাংশে পৌঁছাবে এবং দরিদ্রদের মধ্যে অপুষ্টির হার ১০ শতাংশ কমে আসবে বলে আশা করছি। সর্বশেষ বাংলাদেশ জনসংখ্যাতত্ত্ব ও স্বাস্থ্য জরিপ প্রতিবেদনে দেখা গেছে, ২০০১ সালের তুলনায় বাংলাদেশে মাতৃ মৃত্যুহার ৪০ শতাংশ কমে এসেছে। তবে পাঁচ বছরের কম বয়সীদের শিশুদের মধ্যে ৪১ শতাংশের ওজন স্বাভাবিকের চেয়ে কম এবং ৪৩ শতাংশ অপুষ্টিতে ভুগছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এসইউ/২১৪৬ ঘ.