ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে মঙ্গলবার লেনদেন বয়কটের ঘোষণা দিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ডিএসইর সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচিও দিয়েছে তারা।
সোমবার বিক্ষোভের পর ডিএসইর সামনে এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। দরপতনের পর বিক্ষোভ হয়েছে চট্টগ্রামেও।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে যাওয়ায় বিনিয়োগকারীদের বিক্ষোভে মতিঝিলে ডিএসইর সামনে সড়কে গাড়ি চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
সোমবার সকাল থেকে ডিএসইতে সূচক কমতে থাকে। দুপুর ১টার দিকে সূচক প্রায় একশ পয়েন্ট কমে ৫ হাজারের কোঠায় নেমে যাওয়ার পর বিক্ষোভ শুরু হয় মতিঝিলে। গত ২৮ জুনের পর এই প্রথম সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নামলো।
'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ' ব্যানারে হাজার খানেক বিক্ষোভকারী রাস্তায় অবস্থান নিলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর টানা তিন ঘণ্টা রাস্তায় মিছিল-সমাবেশ করে তারা।
বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ চেয়ে স্লোগান দেয়। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝাড়– মিছিলও করে তারা।
দিনের লেনদেন শেষ হওয়ার পর বেলা ৩টার দিকে ডিএসইর সামনে সমাবেশ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
সমাবেশে 'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র সহসভাপতি কাজী মোহাম্মদ নজরুল মঙ্গলবার লেনদেনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে লেনদেন না করতে ব্রোকারেস হাউসগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।
নজরুল বলেন, "কাল সকালে আমরা ডিএসই ভবনের সামনে অবস্থান নেবো। প্রয়োজনে ডিএসইর কাউকে ঢুকতে দেওয়া হবে না।"
'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন। পুঁজিবাজার সামাল দিতে অর্থমন্ত্রী ও গভর্নর ব্যর্থ দাবি করে তাদের অপসারণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
বিকাল ৪টার দিকে তাদের সমাবেশ শেষ হলে সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
ডিএসইতে দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৯২০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৯৭ পয়েন্ট কম। সারাদিনে ৩১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ২৮৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৩৪টির, ৮টির দাম অপরিবর্তিত ছিলো।
সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ৫৯ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। তখনও বিক্ষোভ করেছিলো ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমে ১৮ পয়েন্ট। ওই দিন ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছিলো, যা সাত মাসে সর্বনিু।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক সোমবার ৩০৩ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৭৩৭ দশমিক ১৯ পয়েন্ট। আর সিএসসিএক্স সূচক হয়েছে ১০৭২১ দশমিক ৩৮ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১৯৩ দশমিক ১২ পয়েন্ট কম।
সিএসইতে হাতবদল হয়েছে মোট ৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেনে থাকা প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দাম কমেছে, বেড়েছে ছয়টির এবং বাকি সাতটির দাম ছিলো অপরিবর্তিত।
সিএসইতেও দরপতনের পর দুপুরে 'ইনভেস্টরস ফোরাম চট্টগ্রাম' এর ব্যানারে অর্ধশতাধিক ক্ষুদ্র বিনিয়োগকারী বিক্ষোভ এবং মানববন্ধন করে।
বিনিয়োগকারীরা সিএসই'র মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি বরাবরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপিও দেয়।
ইনভেস্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অব্যাহত দরপতনের প্রতিবাদ এবং বাংলাদেশ ব্যাংক গর্ভনরের পদত্যাগ দাবিতে আমরা বিক্ষোভ করেছি।"
তাদের স্মারকলিপিতে চলমান মুদ্রানীতি সংশোধন, প্রস্তাবিত নতুন ব্যাংক কোম্পানি আইনে পুঁজিবাজারে বিনিয়োগের সীমারেখার প্রস্তাব প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংক নির্দেশিত সিঙ্গেল পার্টি এক্সপোজারের সময়সীমা আরো এক বছর বাড়ানোর দাবি ছিলো।
এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখতে এসইসি'র প্রতি অনুরোধ জানায় বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমসি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24