ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকার পুঁজিবাজার। সোমবার সূচক প্রায় একশ পয়েন্ট কমে ৫ হাজারের কোঠায় নেমে যাওয়ায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
সোমবার সকাল থেকেই সূচক পড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৯২০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৯৭ পয়েন্ট কম।
গত ২৮ জুনের পর এই প্রথম সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নামলো।
সারাদিনে ৩১৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ২৮৩ কোটি টাকা।
লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৩৪টির, ৮টির দাম অপরিবর্তিত ছিলো।
ব্যাপক দরপতনের পর দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করে। অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবিতে মতিঝিলে ডিএসইর সামনে স্লোগান দেয় তারা।
দিনের লেনদেন শেষ হওয়ার কিছু সময় আগে তারা রাস্তায় নেমে মিছিল শুরু করলে ডিএসইর সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশও রয়েছে।
সপ্তাহের প্রথম দিন রোববার সূচক ৫৯ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই। তখনও বিক্ষোভ করেছিলো ক্ষুব্ধ বিনিয়োগকারীরা।
গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক কমে ১৮ পয়েন্ট। ওই দিন ২৪১ কোটি টাকা লেনদেন হয়েছিলো, যা সাত মাসে সর্বনিু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫১৭ ঘ.
bdnews24