ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার ঠিকভাবে বিল আদায়ের পাশাপাশি বকেয়া আদায় ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র ৪৮তম বৈঠকে কমিটি একই সঙ্গে 'সিস্টেম লস' কমিয়ে আনার পরামর্শ দেয়। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন।
বৈঠকে মহানগরীতে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনার মতো অতি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য নাগরিক সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকার পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ঢাকা ওয়াসা ও চট্টগ্রাম ওয়াসার চলমান প্রকল্পগুলোর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক গড়ে প্রায় ২২৫ কোটি লিটার চাহিদার বিপরীতে প্রায় ২০৫ কোটি লিটার পানি সরবরাহ করছে বলে বৈঠকে জানানো হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে শিল্প ও গৃহস্থালী বর্জ্যরে মাধ্যমে দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, স্যুয়ারেজ মাস্টার প্ল্যান সফলভাবে বাস্তবায়ন, 'সিস্টেম লস' আরও কমিয়ে আনা, ভূ-উপরিস্থ পানির সুরক্ষা ও ব্যবহার বৃদ্ধি প্রভৃতি বিষয়ে কমিটি দিক নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে পানির বিল ঠিকভাবে আদায়সহ পানির অবৈধ সংযোগ বৈধ করার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি ও বকেয়া টাকা আদায় ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বর্তমান সরকারের সময়ে বিলিং অটোমেশনের মাধ্যমে শতভাগ বিল জারি নিশ্চিত করা, বিশেষ স্কোয়াডের মাধ্যমে অবৈধ সংযোগ চিহ্নিত করা, সংযোগ বিচ্ছিন্ন করা এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ নিয়মিত করা অব্যাহত রাখার ফলে ঢাকা ওয়াসার রাজস্ব আয় ক্রমান্বয়ে বাড়ছে।
কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, বীরেন শিকদার, এস কে আবু বাকের এবং বজলুল হক হারুন বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭১৮ ঘ.
bdnews24