ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতু তৈরিতে নিজস্ব ক্রয় ও দুর্নীতিবিরোধী নীতিমালার প্রয়োগ চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
প্রস্তাবিত এ সেতুর কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হিসেবে দাতা গোষ্ঠীর অসহযোগিতাকে চিহ্নিত করে অর্থমন্ত্রীর বক্তব্যের এক দিন পরই এ কথা জানালেন ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি থিবাকুমার কান্দিয়া।
তিনি রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, "ক্রয় ও দুর্নীতিরোধে আমাদের নীতিমালা রয়েছে। আমরা চাই এ প্রকল্পে তার প্রয়োগ ঘটুক।"
তদারকির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকায় থাকা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়নে জটিলতা দেখা দেওয়ার প্রেক্ষাপটে এডিবি কর্মকর্তার এ বক্তব্য এলো।
২৯০ কোটি ডলারের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে এডিবি ৬১ কোটি এবং বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে।
পদ্মা সেতু প্রকল্পে প্রধান ঋণদাতা বিশ্বব্যাংকের অর্থায়নকে কেন্দ্র করে এসএনসি-লাভালিন গ্র"প নামের একটি কানাডীয় প্রতিষ্ঠানের কর্মীদের সম্ভাব্য 'দুর্নীতি' বিশ্বব্যাংকের অনুরোধে তদন্ত করছে কানাডা। পদ্মা সেতু প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান নির্বাচনে তৈরি হওয়া সংক্ষিপ্ত তালিকায় এসএনসি-নাভালিন রয়েছে।
দাতাদের মধ্যে সমন্বয়হীনতার কথা তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার বলেন, "ডোনারদের মধ্যে সমন্বয়হীনতা আছে। বিশ্বব্যাংক ও এডিবির 'অযোগ্য তালিকা' (ইনএলিজিবিলিটি লিস্ট) দুই রকম। বিশ্বব্যাংকের তালিকায় যারা আছেন, তারা হয়তো এডিবির তালিকায় নেই। আবার এডিবির তালিকায় যারা আছেন, তারা হয়তো বিশ্বব্যাংকের তালিকায় নেই।"
তবে থিবাকুমার বলেন, দাতাগোষ্ঠী পদ্মা সেতুর কাজ শেষ করতে আন্তরিক। এ বিষয়ে ম্যানিলা-ওয়াশিংটন কর্পোরেট লেভেলে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি।
এডিবির সদর দপ্তর ফিলিপিন্সের ম্যানিলায়, বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
রোববার অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গেরেরোর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক হয়। তবে বৈঠকের বিষয়ে কেউই সাংবাদিকদের কিছু বলেননি।
দাতাদের কারণেই পদ্মা সেতুর কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে অর্থমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেও এ বিষয়ে সাংবাদিকদের এড়িয়ে যান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেতু নির্মাণে বিশ্বব্যাংক-এডিবি ছাড়াও জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার দিচ্ছে। বাকি অর্থের সংস্থান করছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২০০৪ ঘ.
bdnews24