ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা দেওয়া হলে 'অন্য দেশের' যে অর্থের সাশ্রয় হবে তার 'হিস্যা' বাংলাদেশকেও দিতে হবে বলে দাবি জানিয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, "বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিটের ফলে অন্য দেশের পাওয়া ব্যবসায়িক সাশ্রয়ের ৫০ শতাংশ বাংলাদেশের পাওয়া উচিত।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সা¤প্রতিক ঢাকা সফর উপলক্ষে এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
আগের ঘোষণা অনুযায়ী ৬ ও ৭ সেপ্টেম্বর মনমোহন সিংয়ের এই সফরে ট্রানজিট বাস্তবায়নে সম্মতিপত্র বিনিময় না হলেও যৌথ বিবৃতিতে বলা হয়, "চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে সড়ক, নৌ ও রেলপথে ভারত পর্যন্ত পণ্য আনা-নেওয়ার জন্য সব প্রস্তুতি যতো দ্রুত সম্ভব শেষ করার নির্দেশনা দিয়েছেন দুই প্রধানমন্ত্রী।"
ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন জানিয়ে মাতলুব বলেন, "ওরা সাশ্রয়ের ভাগাভাগিতে প্রস্তুত।"
"ধরুন এখন কলকাতা থেকে আসামে পরিবহন খরচ ৫০ হাজার টাকা। ট্রানজিটের কারণে এ খরচ কমে ২০ হাজার টাকা হলে ওরা আমাদের সাশ্রয়ের ৫০ শতাংশ দেবে।"
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি মনে করেন, বাংলাদেশ এ থেকে সুবিধা না পেলে এ (ট্রানজিট) ব্যবস্থা টেকসই হবে না।
"সব তরফ থেকে এতে এক ধরনের প্রতিরোধ আসবে, ফলে ট্রানজিট কার্যকর হবে না।"
তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমরা এ নিয়ে কাজ করছি। হঠাৎ শুনছি আমরা ট্রানজিট সুবিধা দিয়ে অর্থ উপার্জন করতে পারবো না।"
বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী উপদেষ্টা বলে আসছেন, বাংলাদেশ ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থাার নিয়ম অনুসরণ করবে।
এর ফলে ঢাকা এ সুবিধার বিনিময়ে শুধু তার ব্যয়টুকুই উঠিয়ে আনতে পারবে; এ সেবার বিনিময়ে কোনো সাশ্রয় বাংলাদেশ করতে পারবে না।
চলতি বছরের শেষ দিকে তিস্তা পানি বণ্টন চুক্তি ও ট্রানজিট বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেন মাতলুব আহমেদ।
মনমোহনের সফরে আঞ্চলিক সহযোগিতার একটি রূপরেখা চুক্তি, স্থলসীমা বিষয়ক একটি প্রটোকর এবং বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে।
ভারতীয় প্রতিনিধি দল
বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খতিয়ে দেখতে ভারতের সাতজন বিশিষ্ট ব্যবসায়ী আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে জানান ইন্ডিয়া-বাংলাদেশ ব্যবসায়ী সমিতির নেতা মাতলুব আহমেদ।
ছড়ানো ছিটানো ছোট ছোট বিনিয়োগ নয়, শত কোটি ডলার বিনিয়োগ পাওয়ার লক্ষ্য থাকায় এ প্রতিনিধি দলটি ছোট আকারের করা হয়েছে বলে জানান তিনি।
মাতলুব বলেন, ইতিমধ্যে ভারতীয় এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল, আরপিজি গ্র"পের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা, টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান বি মুথুরামণ এবং ভারত হেভি ইলেক্ট্রিকাল্স লিমিটেডের চেয়ারম্যান বি প্রসাদ রাও আসবেন বলে নিশ্চিত করেছেন।
"তারা দুদিনের সফরে আসবেন।"
তিনি জানান, নয়া দিল্লির সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি করেছে ঢাকা। এখন ভারতীয় ব্যবসায়ীরা এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।
ভারতে বাংলাদেশের ৪৬টি গার্মেন্ট পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাওয়া প্রসঙ্গে মাতলুব আহমেদ বলেন, "এতে কারো নার্ভাস হওয়া উচিত নয়। কম দামে ভালো পণ্য পাওয়ার মধ্য দিয়ে এতে ভারতীয়দেরও লাভ হবে।"
চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার ঢাকা সফরে ৪৬টি গার্মেন্ট পণ্যের ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশসুবিধা ঘোষণা করেন।
সিলেটের ছাতকে একশ একর ভূমি সংগ্রহ করেছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার প্রধান। সেখানে তিনি ভারতীয়দের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চান।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সরকারি উদ্যোগের সমর্থনে তাদের এ উদ্যোগ- এ কথা জানিয়ে মাতলুব বলেন, আগামী জানুয়ারিতে আমার শুরু করতে পারবো বলে আশাবাদী।
বিডিনিউহ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/পিডি/২২৫৮ ঘ.
bdnews24