ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতের আরও পাঁচটি কোম্পানির জন্য ১৯ কোটি ২৫ লাখ (১৯২ দশমিক ৫৩ মিলিয়ন) ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকার।
এর মধ্যে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা বাংলাদেশ লিমিটেড ৩ কোটি ডলার, ফার্মাসিউটিক্যাল কোম্পানি মুন্ডিফার্মা বাংলাদেশ ৭৮ লাখ ৫০ হাজার ডলার, বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (ইউনিট-দুই) ৫ কোটি ডলার, বিমান পরিবহন কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড ২ কোটি ১৭ লাখ ডলার এবং আবুল খায়ের স্টিল মেলটিং লিমিটেড ৯ কোটি ডলার বিদেশি ঋণ নেবে।
গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বেসরকারি খাতে বিদেশি ঋণ/সরবরাহকারী ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এসব ঋণের ক্ষেত্রে লন্ডন আন্তঃ ব্যাংক ঋণের সুদের হার- লাইবরের সঙ্গে আরো ৪ শতাংশ যোগ করে সুদ হিসাব করা হবে।
বৈঠকে সামিট গ্রপের দুটি বিদ্যুৎ প্রকল্প- সামিট বিবিয়ানা এক এবং সামিট বিবিয়ানা দুই-এর জন্য ঋণ প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
সামিট বিবিয়ানা-একের জন্য ইন্টান্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কাছ থেকে ১৪ কোটি ডলার এবং সামিট বিবিয়ানা-দুইয়ের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ১২ কোটি ৪০ লাখ ডলার ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে।
বৈঠকে কমিটির সদস্যরা এ দুটি প্রকল্পের ঋণ অনুমোদনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ১২ জুন ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেডের জন্য ২ কোটি ৬০ লাখ ডলার এবং খান জাহান পাওয়ার লিমিটেডের জন্য ১ কোটি ৯৫ লাখ ডলার ঋণ অনুমোদন করে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের উদ্যোক্তারা এ ধরনের ঋণ নিলে তারা যেমন কম সুদে ঋণ পাবে। তেমনি বিদেশি মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে। ডলারের বাজারও স্থিতিশীল থাকবে। ফলে দেশে লেনদেনের ভারসাম্যও ভালো থাকবে।"
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমাদের ব্যাংকগুলোর সুদের হার অনেক বেশি। বিদেশি ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে লাইবর রেটের সঙ্গে ৪ শতাংশ যোগ করলেও সুদের যে হার দাঁড়াবে তা হবে দেশের ব্যাংক থেকে কম। আর এ ধরনের ঋণ সরাসরি ডলারে আসবে। সেক্ষেত্রে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বা কাঁচামাল আমদানিতে আর রিজার্ভ থেকে ডলার খরচ করতে হবে না।"
প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড এবং অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাছাই কমিটির সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24