ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর লেনদেন শুরুর তৃতীয় দিনেও দরপতন অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক ৭৬ পয়েন্ট পড়ার পাশাপাশি এদিন কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
মঙ্গলবার দিনের শুরু থেকেই সূচক পড়তে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৬০৬৫ দশমিক ৬০ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৭৬ দশমিক ২০ পয়েন্ট কম।
সোমবার এ বাজার সূচক হারিয়েছিলো ৫১ দশমিক ২৮ পয়েন্ট এবং রোববার ১৮ পয়েন্ট।
এ ছাড়া আগের দিন প্রায় ৩৭৩ কোটি টাকার লেনদেন হলেও মঙ্গলবার লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। হাতবদল হয়েছে ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে মাত্র ২৮টির, কমেছে ২২১টির এবং বাকি ৭টির দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬২৮ ঘ.
bdnews24