ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর লেনদেন শুরুর প্রথম দিন মাত্র ৩০৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অধিকাংশ শেয়ারের দাম কমার পাশাপাশি সূচকও কমেছে এদিন।
বিকেল ৩টায় লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দিনের শুরুর চেয়ে ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৩ পয়েন্ট হয়। ২৫ অগাস্ট ঈদের আগের সর্বশেষ কার্যদিবসে সূচকের ঘরে ৬ হাজার ২১১ পয়েন্ট নিয়ে লেনদেন শেষ করেছিল ডিএসই।
রমজানে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চললেও রোববার থেকে আবার আগের নিয়মে সকাল ১১টা থেকে লেনদেন শুরু হয়। শব-ই কদর ও ঈদ-উল ফিতর মিলিয়ে ২৬ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।
২৫ অগাস্ট সর্বশেষ কার্যদিবসে সূচক বেড়েছিল ৮০ পয়েন্ট। সেদিন হাত বদল হয়েছিল ৫৪৫ কোটি টাকার শেয়ার। আর রোববার সারাদিনে লেনদেন হয়েছে ৩০৫ কোটি টাকার ৩৩ কোটি ৮০ লাখ ৮ হাজার ৬৮৭টি শেয়ার।
এদিন লেনদেন হওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৪টির; ১৪টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৬২১ ঘ.
bdnews24