ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে ভারতের একশ কোটি ডলার ঋণে ৮৫ শতাংশ জনবল ও যন্ত্রাংশ সেদেশ থেকে সংগ্রহের শর্ত শিথিল করেছে ভারত।
অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বিকেলে বলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, দিল্লি দুটি নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে যেখানে শর্তগুলি শিথিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় বাংলাদেশকে সহজ শর্তে একশ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দেয় ভারত। গত বছরেরই অগাস্টে ঢাকায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে এ বিষয়ে চুক্তি হয়।
যে দুটি প্রকল্প দিল্লির অনুমোদন পেয়েছে সেগুলোর একটি হলো সম্ভাব্যতা যাচাইসহ খুলনা-মংলা বন্দর রেল লাইন নির্মাণ। অন্যটি হলো সংযোগ রেল লাইন ও সম্ভাব্যতা যাচাইসহ দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ।
ওই কর্মকর্তা বলেন, ভারত থেকে ৮৫ শতাংশ জনবল ও যন্ত্রাংশ সংগ্রহ প্রকল্পের জন্য যৌক্তিক নয়। এ কারণে তারা শর্ত শিথিল করেছে।
তিনি জানান, ভারত এ পর্যন্ত ৭৪ কোটি ৬০ লাখ ডলারের ১৩টি প্রকল্পে অর্থায়নে সম্মত হয়েছে।
তিনি বলেন, চার কোটি ১০ লাখ ডলারের দুটি ঋণের চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর হয়েছে এবং দুয়েকদিনের মধ্যে একটির ঋণপত্র (এলসি) খোলা হবে।
স্বাক্ষর হওয়া চুক্তির আওতায় এক কোটি ৭০ লাখ ডলারে একশ ৬৫টি ব্রড গেজ ট্যাঙ্ক ওয়াগন এবং দুই কোটি ৩০ লাখ ডলারে দুশ ৮০টি বাস কেনা হবে।
অন্য সাতটি প্রকল্প হলো- দুই কোটি ১০ লাখ ডলারে ১০টি ব্রড গেজ ডিজেল ইঞ্জিন, ২৯ লাখ ডলারে ৫০টি মিটার গেজ ফ্ল্যাট ওয়াগন, ৭৪ লাখ ৩০ হাজার ডলারে একশটি বগি, ৯৪ লাখ ৯০ হাজার ডলারে একশ ৭০টি মিটার গেজ ফ্ল্যাট ওয়াগন, নয় কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারে দুশ ৬৪টি মিটার গেজ যাত্রিবাহী বগি, ছয় কোটি নয় লাখ ৮০ হাজার ডলারে ৩০টি ব্রড গেজ ডিজেল ইঞ্জিন এবং এক কোটি ২০ লাখ ডলারে ছয়টি ড্রেজার কেনা।
রেলওয়ে সংক্রান্ত ছয়টি, একটি বাস এবং একটি ড্রেজার প্রকল্প ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি পেয়েছে বলে জানান বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
ভারতের এ একশ কোটি ডলার ঋণ বছরে দুই দশমিক ৭৫ শতাংশ সুদে ২০ বছরে পরিশোধ করতে হবে। এর মধ্যে প্রথম পাঁচ বছর সুদ দিতে হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০৪০ ঘ.
bdnews24