২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে কোটা বৃদ্ধির অপেক্ষায় পোশাক খাত

চলতি বছরের ১ কোটি পোশাক বিনাশুল্কে রপ্তানির কোটা পূরণ হয়ে গেছে জুলাই মাসেই। জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বাংলাদেশি পোশাকের চাহিদা দিন দিন বাড়লেও শুল্কমুক্ত সুবিধার ক্ষেত্রে কোটার কারণে রপ্তানি বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। চলতি বছরের ১ কোটি পোশাক বিনাশুল্কে রপ্তানির কোটা পূরণ হয়ে গেছে জুলাই মাসেই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের ৬১টি পণ্য যাতে ভারতে বিনাশুল্কে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চলছে। এর মধ্যে ৪৪টি পণ্যই তৈরি পোশাক খাতের। মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।" ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এই সফরে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ছাড়াও তিস্তার পানি বণ্টন এবং কয়েকটি ট্রানজিট প্রটোকল চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মাকে উদ্ধৃত করে দি ইকোনমিক টাইমস লিখেছে, বাংলাদেশি পোশাকের চাহিদার বিষয়টি মাথায় রেখে শুল্কমুক্ত সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সে দেশের সরকার। বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ থেকে ৮০ লাখ তৈরি পোশাক শুল্কমুক্ত কোটায় আমদানি করে আসছিল। গত এপ্রিলে আনন্দ শর্মার বাংলাদেশ সফরের পর ২০১১ সালের জন্য এই সীমা বাড়িয়ে ১ কোটি করা হয়। "তবে জুলাইয়ের মধ্যে ওই কোটা পূরণ হয়ে গেছে। এই সুবিধার আওতায় রপ্তানির জন্য আরো ১ কোটি পোশাকের আবেদন ইতোমধ্যে জমা পড়েছে। কিন্তু কোটা পূরণ হয়ে যাওয়ায় রপ্তানি সম্ভব হচ্ছে না," জালাল আহমেদ বলেন। তিনি জানান, ভারতে শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এর আগের বছরগুলোতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা নিয়ে পোশাক রপ্তানির কোটা পূরণ করতে না পারলেও ভারতে বাংলাদেশি পোশাকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ২০০৯ সালে ৮০ লাখ পোশাকের কোটার বিপরীতে যেখানে রপ্তানি হয়েছিল ৩৫ লাখ; ২০১০ সালে তা বেড়ে ৪৫ লাখ হয়। "আর চলতি বছর ভারতের বাজারে প্রায় আড়াই কোটি বাংলাদেশি পোশাকের চাহিদা রয়েছে। আগামী বছর এ চাহিদা আরো বাড়বে বলে মনে হচ্ছে," যোগ করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান। এ বিষয়ে জালাল আহমেদের সঙ্গে একমত ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভারতে তৈরি পোশাকের ৩০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। এর ১০ শতাংশ কাজও যদি বাংলাদেশ পায়, তাহলে পোশাক রপ্তানিতে আয় বাড়বে ৩০০ কোটি ডলার।" বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় আড়াই বিলিয়ন ডলার বলেও জানান তিনি। জালাল আহমেদ জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ থেকে ৫১ কোটি ২০ লাখ ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পাট ও পাটজাত পণ্য; সাড়ে ১৬ কোটি ডলার আয় হয়েছে এই খাতে। আর তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭ কোটি ডলারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৭১১ ঘ.