২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে সামান্য শক্তিশালী হয়েছে বাংলাদেশের টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

দিহান মারছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে সামান্য শক্তিশালী হয়েছে বাংলাদেশের টাকা। ১০ দিন আগে (গত ৯ আগস্ট) প্রতি ডলার ৭৪ টাকা ৯০ পয়সা থেকে ৭৪ টাকা ৯৫ পয়সায় লেনদেন হয়েছিল। রোববার লেনদেন হয়েছে ৭৪ টাকা ৪০ পয়সা থেকে ৭৪ টাকা ৫৩ পয়সায়। ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয় হ্রাসের কারণে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে মার্কিন ডলার ও বাংলাদেশি টাকার সরাসরি লেনদেনে টাকা খানিকটা শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আগামীতে ডলারের বিপরীতে টাকা আরও শক্তিশালী হবে বলে রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় হারের গতিবিধি পর্যালোচনায় দেখা যায়, গত এক বছরে অব্যাহতভাবে বেড়েছে ডলারের দর। গত বছরের জুলাই মাসের শেষ দিন (৩১ জুলাই) প্রতি ডলারের দর ছিল ৬৯ টাকা ৪১ পয়সা। অগাস্ট মাসের শেষ দিনে তা বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৫৮ পয়সায়। সেপ্টেম্বরের শেষ দিনে প্রতি ডলার বিক্রি হয় ৭০ টাকা ৭১ পয়সায়। অক্টোবরের শেষ দিন বিক্রি হয় ৭০ টাকা ৭৮ পয়সায়। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ দিনে ডলারের দর বেড়ে গিয়ে দাঁড়ায় ৭১ টাকা ১৫ পয়সায়। ফেব্র"য়ারি মাসের শেষ দিনে দর ছিল ৭১ টাকা ৩০ পয়সা। এক মাসের ব্যবধানে ১ টাকা ৪৩ পয়সা বেড়ে মার্চ মাসের শেষ দিনে ডলারের দাম দাঁড়ায় ৭২ টাকা ৭৩ পয়সা। এপ্রিল মাসের শেষ দিনে ডলার বিক্রি হয় ৭২ টাকা ৯০ পয়সায়। মে ও জুন মাসের শেষ দিনে দর ছিল যথাক্রমে ৭৩ টাকা ৪৮ পয়সা ও ৭৪ টাকা ১৪ পয়সা। জুলাই মাসের শেষ দিনে তা আরও বেড়ে দাঁড়ায় ৭৪ টাকা ৮৪ পয়সায়। গত ৯ অগাস্ট (মঙ্গলবার) প্রতি ডলার বিক্রি হয়েছে ৭৪ টাকা ৯০ পয়সায়। এর পর থেকেই ডলারের দর কমতির দিকে। 'রিজার্ভ আরও বাড়বে' যুক্তরাষ্ট্রে সা¤প্রতিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে কি না- এ প্রশ্নের উত্তরে আতিউর রহমান বলেন, "না, বিষয়টা সে রকম নয়। জুন মাস থেকেই আমদানি ব্যয় কমছে। অন্যদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে রপ্তানি আয়। এ সব কারণেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।" কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার একশ কোটি ডলারের কাছাকাছি অবস্থান করছে জানিয়ে গভর্নর বলেন, "আগামী কিছুদিনের মধ্যেই দেশে কয়েকটি বড় বিদেশি বিনিয়োগ (এফডিআই) আসবে বলে আমরা আশা করছি। আজও (রোববার) একটি কোম্পানির সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে নাম বলতে চাচ্ছি না।" এ সব এফডিআই আসলে রিজার্ভ আরও বাড়বে বলে জানান আতিউর রহমান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, "আমাদের অর্থনীতি আমদানি নির্ভর। আর সব আমদানি বিলই ডলারে পেমেন্ট করতে হয়। সে কারণে ডলারের দাম বাড়লে আমাদের আমদানি খরচও বেশি পড়ে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাজারে পণ্যের দাম বেড়ে যায়। বাড়ে মূল্যস্ফীতি।" যদি আমদানি ব্যয়ের নিম্মমুখি ধারা আগামীতেও অব্যাহত থাকে আর রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ে তাহলে তাহলে ডলারের বিপরীতে টাকা আরও শক্তিশালী হবে বলে জানান জায়েদ বখত। তিনি বলেন, "আমাদের ফরেন এইড (বৈদেশিক সাহায্য) প্রবাহ ভালো না। অনেক সাহায্য পাইপলাইনে আটকে আছে। ছাড় হচ্ছে না। সেগুলো আসলে রিজার্ভ আরও স্বস্তিদায়ক অবস্থায় থাকত।" পাইপলাইনের সাহায্য আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি। রেমিটেন্স ঊর্ধ্বমুখি, এলসি কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৮৭ বিলিয়ন (এক হাজার ৮৭ কোটি) ডলার। মাস খানেক আগে রিজার্ভ ১১ বিলিয়ন ডলারে উঠেছিল। কিন্তু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৮৩ কোটি ডলার আমদানি দেনা পরিশোধের পর ১০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। গত ২০১০-১১ অর্থবছরে রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ১৩ দশমিক ৪০ শতাংশ। আর ২০০৮-০৯ অর্থবছরে প্রবৃদ্ধির পরিমাণ ছিল ২২ দশমিক ৪২ শতাংশ। তবে চলতি ২০১১-১২ অর্থবছরের শুরুতে রেমিটেন্স প্রবাহের ঊধ্বর্মুখি ধারা লক্ষ্য করা যাচ্ছে। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১০৩ কোটি ডলার রেমিটেন্স এসেছে। যা আগের বছরের জুলাই মাসের চেয়ে ২০ শতাংশ বেশি। চলতি অগাস্ট মাসের প্রথম ১২ দিনেই ৪৬ কোটি ডলারের রেমিটেন্স এসেছে। অন্যদিকে অর্থবছরের প্রথম মাস জুলাই মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ। গত ২০১০-১১ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৪১ দশমিক ৪৭ শতাংশ। তবে অর্থবছরের প্রথম মাসে পণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেশ কমেছে। ২০১০-১১ অর্থবছরে এলসি খোলার পরিমাণ বেড়েছিল ৪৩ দশমিক ২৬ শতাংশ। অর্থবছরের শেষ দুই মাস মে ও জুন মাসে বেড়েছিল যথাক্রমে ৩৯ দশমিক ৬০ ও ৩৪ দশমিক ৬০ শতাংশ। জুলাই মাসে বাড়েনি; উল্টো ৭ দশমিক ৭০ শতাংশ কমেছে। জায়েদ বখত বিদেশি সাহায্য (ফরেন এইড) বাড়ানোর দিকেও সরকারের বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে নিট বৈদেশিক সাহায্য এসেছে ১০৪ কোটি ৯৮ লাখ ডলার। আগের বছরে অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে এসেছিল ১৪৭ কোটি ৭০ লাখ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২৫৬ ঘ.