ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বস্ত্র খাতে নগদ রপ্তানি সহায়তা বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত ঈদের পরে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার বস্ত্র ও তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও নিট পোশ রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
বস্ত্র খাতে রপ্তানির বিপরীতে পাঁচ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। বিটিএমএ তা বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছে।
নগদ রপ্তানি সহায়তা বাড়ানোর প্রশ্নে মুহিত বলেন, "তাদের প্রতি আমরা অত্যন্ত সহানুভূতিশীল। তবে আরো দু'একজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ঈদের পর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।"
৩০ রোজা পূর্ণ হলে ঈদ হবে ১ সেপ্টেম্বর।
বৈঠকের পর বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি ঈদের পরই নগদ সহায়তা বাড়ানোর ঘোষণা আসবে।"
দেশি সুতা ব্যবহার করলে রপ্তানির ওপর নগদ পাঁচ শতাংশ সহায়তা দেওয়া হয়। এ সহায়তা বাড়ানো হলে দেশীয় স্পিনিং মিলগুলো লাভবান হবে বলে মনে করেন বিটিএমএর সাবেক সভাপতি আব্দুল হাই সরকার।
অর্থমন্ত্রী জানান, ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়ায় গত অর্থবছরে এ খাতে সরকারকে দিতে হয়েছে ৮৭৭ কোটি টাকা।
সুতার দাম কমে যাওয়ায় স্পিনিং মিলগুলো সদস্যায় পড়েছে বলে এর আগে বিটিএমইএ'র পক্ষ থেকে বলা হয়েছে।
মুহিত বলেন, তুলার দাম কমে যাওয়ায় টেক্সটাইল খাত বিপর্যয়ের মধ্যে আছে। কারণ তারা অনেক বেশি দামে তুলা কিনেছিলো। এসব সমস্যা সমাধানে তারা মন্দ ঋণকে টার্ম ঋণে রুপান্তর করা, ম্যান মেইড ফাইবার আমদানির ওপর শুল্ক প্রত্যাহারসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
জাহাঙ্গীর আলামিন বলেন, "আমরা প্রতি কেজি তুলা কিনেছি ৫ ডলারের বেশি দামে। এখন তার দাম ৩ দশমিক ৪০ ডলার। স্পিনিং মিলগুলোর কাছে আড়াই লাখ মেট্রিক টন তুলা আছে। যাতে প্রায় ৫ হাজার কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/এএল/১৭০২ ঘ.
bdnews24