ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ থাকা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথগুলো সচল হয়েছে। তবে দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রায় বুথেই লম্বা লাইন দেখা যাচ্ছে।
ডাক বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহাজাদা বসুনিয়া শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতেই বুথগুলো চালু হয়েছে।
বুথগুলোতে ভিড় থাকার কথাও স্বীকার করেন তিনি।
সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে ডাচ-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে লেনদেন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে ডাচ বাংলার পাশাপাশি এসব বুথ ব্যবহারকারী আরো ১৪টি ব্যাংকের গ্রাহকরা।
আন্তঃব্যাংক চুক্তির আওতায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কমার্স ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকরাও ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। কিন্তু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন তারা।
বসুনিয়া জানান, ১৯৯৫ সালে চালু হওয়া ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫ লাখ। সারাদেশে এ ব্যাংকের শাখা রয়েছে ১০১টি। এছাড়া ১৬০৮টি এটিএম বুথ ও ৮৪টি ফাস্ট ট্র্যাক সার্ভিস রয়েছে।
ব্যাংকটির মিরপুর শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১টার পর সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় লেনদেন স্থগিত করে দেওয়া হয়। এরপর থেকে কেউ টাকা তুলতে না পারলেও ম্যানুয়ালি (খাতায় তার নাম লিখে রেখে) টাকা জমা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24