ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুক বিল্ডিং পদ্ধতির খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। চূড়ান্ত করার আগে উন্মুক্ত পদ্ধতিতে সবার মতামত নেওয়া হবে।
চলতি বছরের জানুয়ারিতে পুঁজিবাজারে ব্যাপক ধসের পরে বুকবিল্ডিং পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অর্থমন্ত্রীর নির্দেশে ২০ জানুয়ারি পদ্ধতিটি স্থগিত করে সংশোধনের উদ্যোগ নেয় এসইসি।
বুধবার এসইসির বৈঠকের পর সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, বাজারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পর বুক বিল্ডিং পদ্ধতির যে খসড়া তৈরি করা হয়েছে, কমিশন তা নীতিগত অনুমোদন দিয়েছে।
পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এ খসড়ার বিষয়ে জনগণের মতামত চাওয়া হবে। সে সব মতামত যাচাই-বাছাইয়ের পরে খসড়াটি চূড়ান্ত করা হবে বলে জানান এসইসি মুখপাত্র সাইফুর।
বুক বিল্ডিং পদ্ধতির খসড়া তৈরির আগে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছিলো এসইসি।
প্রচলিতভাবে প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক নির্দিষ্ট মূল্য নির্ধারণের পর কোনো প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়, কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠানের শেয়াারের নির্দেশক মূল্য কত হতে পারে, তা বিনিয়োগকারীরাই নির্ধারণ করে দেয়।
জানুয়ারির ধসের পর অভিযোগ ওঠে, কয়েকটি কোম্পানি এ প্রক্রিয়ায় অতিমূল্যায়িত হয়ে বাজারে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮১০ ঘ.
bdnews24